গুলশান ১ ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়েছে। খালি করা জায়গায় অস্থায়ী ভিত্তিতে দোকান তুলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।
গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে গতকাল বৃহস্পতিবার মার্কেটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২ জানুয়ারি দিবাগত রাতে গুলশান ১ ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। গুলশান ডিএনসিসি মার্কেটের দুটি অংশ ছিল। এর মধ্যে আগুনে কাঁচা মার্কেট পুরোপুরি ধসে যায় এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়।
ডিএনসিসি ৪ জানুয়ারি থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। ১১ জানুয়ারি থেকে ডিএনসিসির সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের একটি দল। সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ২ জানুয়ারি রাতের আগুনে কাঁচা মার্কেটের চারতলা ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। ডিএনসিসির অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল প্রয়োজনীয় সংখ্যক জনবল ও যানবাহন নিয়ে ভেঙে পড়া মার্কেট অপসারণের কাজে সহায়তা করে। সবার সহযোগিতায় ১৫ দিনে অপসারণের কাজ শেষ হয়েছে।
আগুনে পাকা মার্কেট অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে পাকা মার্কেটের ব্যবসায়ীরা ৬ জানুয়ারি থেকে মার্কেট পুনরায় চালু করেছেন। পাকা মার্কেটে ব্যবসা করা ঝুঁকিপূর্ণ কি না এমন প্রশ্নে মেয়র বলেন, পাকা মার্কেট পরীক্ষা করার জন্য ১২ জানুয়ারি থেকে বুয়েটের বিশেষজ্ঞ দল কাজ করছে এবং তাৎক্ষণিক নিরাপত্তা হিসেবে পাকা মার্কেটের পূর্ব অংশে স্টিল প্রপস লাগানো হয়েছে। বুয়েটের প্রতিবেদন পাওয়ার পর পাকা মার্কেটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মার্কেটে আগুন লাগার কারণ অনুসন্ধানে স্থানীয় সরকার বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো কমিটিই এখনো প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত প্রতিবেদনের বিষয়ে মেয়র বলেন, ‘তদন্ত কার্যক্রম চলমান আছে।’ তদন্ত প্রতিবেদন যাতে প্রকাশ করা হয়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে অনুরোধ করেন মেয়র।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে মেয়র বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ধসে পড়া মার্কেটে মোট ২৯১টি দোকান ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে মার্কেটের পার্কিংয়ের দুই পাশে ৮৮টি অস্থায়ী দোকান নির্মাণ করেছে ডিএনসিসি। খালি করা জায়গায় আগামীকাল (আজ শুক্রবার) থেকে অস্থায়ী ভিত্তিতে দোকান নির্মাণ করে দেওয়া হবে।
ধসে পড়া ডিএনসিসি মার্কেটের জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আগের মেয়রের সময় এখানে মার্কেট নির্মাণের বিষয়ে একটি দরপত্র হয়েছিল। ব্যবসায়ীদের নিয়ে নির্মাতাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসব। তবে কবে নাগাদ মার্কেট নির্মাণ করা হবে, সে বিষয় কোনো কিছু এখন বলা যাচ্ছে না।’