গুলশানে আবাসিক ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।ঢাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে গুলশান ২-এর ৬০ নম্বর সড়কের ছয় তলা বাড়ির পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। মাসুদুর রহমান বলেন, ঘটনার সময় ওই বাসায় কেউ ছিল না। বাসা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। অগ্নিকাণ্ডে ওই বাসার রান্নাঘর ও পাশের একটি কক্ষের বিভিন্ন আসবাব পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি বেশি হয়নি। আগুনের কারণে ওই ভবন ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।