গুলশানে উচ্ছেদ আতঙ্ক

হলি আর্টিজান বেকারিতে ১ জুলাইয়ের জঙ্গি হামলার পর গুলশান, বনানী, বারিধারাসহ আশপাশের এলাকার হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় ধস নামে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সেই মন্দা অবস্থা কিছুটা কাটলেও তা আশাব্যঞ্জক নয়। নিরাপত্তা নিয়ে শঙ্কা কমেছে। কিন্তু যুক্ত হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ আতঙ্ক।
ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস ও রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফ ম আলাউদ্দিন মাহমুদ বলেন, ‘হলি আর্টিজানে হামলার পর গুলশানের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিয়েছে সরকার। তবে বিদেশিরা এখনো তেমন আসছেন না। তার ওপর যোগ হয়েছে উচ্ছেদ আতঙ্ক। এই বুঝি বুলডোজার এল! এই বুঝি তালা লাগিয়ে দিল! এমন অস্থিরতা নিয়ে ব্যবসা হয় না।’
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর রেস্তোরাঁর ব্যবসার ৮০ শতাংশও হচ্ছিল না। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে এখন। কিন্তু হামলার আগে যে সংখ্যক ক্রেতা আসতেন, এখন তার তুলনায় উপস্থিতি বেশ কম।
গত বৃহস্পতিবার দুপুরে গুলশান ও বনানী এলাকার পাঁচটি রেস্তোরাঁ ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকজন অতিথি। দু-একটি টেবিলে তাঁরা খাচ্ছেন। বাকি সব টেবিল ফাঁকা। ক্রেতার অভাবে বিভিন্ন টেবিলে পরিবেশনার দায়িত্বে থাকা ব্যক্তিরা (ওয়েটার) অলস সময় পার করছেন।
গুলশান ২ নম্বরের কাবাব ফ্যাক্টরির রেস্তোরাঁ ম্যানেজার মাজহারুল হক বলেন, ‘এখন যে ব্যবসা হচ্ছে তাতে কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ উঠছে না। আমাদের অতিথিদের বেশির ভাগ বিদেশি। কিছু বিদেশি খেতে এলেও তাঁদের আতঙ্ক-শঙ্কা কাটছে না। খেয়ে দেরি করেন না। সরকার মহল থেকে আরও প্রচার দরকার।’
ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের হিসাবমতে, গুলশানে হোটেল ও গেস্টহাউস আছে ৩৩টি, বনানীতে ২১ ও বারিধারায় ৮টি। হামলার পর এসব হোটেল ও গেস্টহাউসে অতিথির সংখ্যা ধারণক্ষমতার ৫-১০ শতাংশে নেমে যায়।
গুলশানের হোটেল লেক ক্যাসেলের মহাব্যবস্থাপক (অপারেশনস) ইমাদউদ্দিন আহমেদ বলেন, ‘হলি আর্টিজানে হামলার পর অতিথির সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। বর্তমানে অবস্থা কিছুটা পরিবর্তন হলেও স্থির হতে পারছি না। অনেককে কাজ থেকে বাদ দিতে হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসব হোটেল ও গেস্টহাউস বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। অধিকাংশ প্রতিষ্ঠান সিকিউরিটি আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও সিসিটিভি স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে।
বারিধারায় অবস্থিত অ্যাসকট ঢাকার ব্যবস্থাপনা পরিচালক জি এম মোশাররফ হোসেন বলেন, গুলশান হামলার পরের দুই মাস খুব বাজে অবস্থা ছিল। এখন বিদেশিরা আসছেন। তবে তাঁদের জড়তা সেভাবে কাটেনি। বিদেশিদের আস্থা আনতে সরকারের আরও উদ্যোগী হওয়ার সুযোগ আছে।
গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় রাজধানীর আবাসিক এলাকাগুলো থেকে সব বাণিজ্যিক স্থাপনা ছয় মাসের মধ্যে উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। পরে রাজউক গুলশান-বনানী-বারিধারা এলাকার ৫৫২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। এসব প্রতিষ্ঠান বন্ধে উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় রাজউক। এ অবস্থায় ব্যবসায়ীরা আইনের আশ্রয় নিয়েছেন। অধিকাংশ প্রতিষ্ঠান উচ্ছেদ বন্ধে হাইকোর্টে রিট করেছে এবং ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান স্থগিতাদেশ পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মূলত হোটেল, গেস্টহাউসের জন্য ব্যবসার মৌসুম। এই মৌসুমে উচ্ছেদ আতঙ্কে তাঁরা স্বস্তিতে ব্যবসা করতে পারছেন না।
ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস ও রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও গ্র্যান্ড ওরিয়েন্টাল হসপিটালিটি লিমিটেডের এম এইচ রহমান প্রথম আলোকে বলেন, প্রয়োজনের তাগিদেই এখানে হোটেল, রেস্তোরাঁ গড়ে উঠেছে। বিদেশি অতিথিরা গুলশান, বনানীতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে।