গুলশানে গৃহকর্মীকে মারধর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ
রাজধানীর গুলশানে হাসনা বেগম (১৮) নামে এক গৃহকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। গত মঙ্গলবার ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ পাওয়া গেছে, হাসনা বেগমের পক্ষ থেকে মারধরের ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। হাসনা গুলশান-২ নম্বরের ১১৩ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির চতুর্থ তলায় গৃহকর্মীর কাজ করেন। তবে শফিকুলের স্ত্রী হাসনাকে মারধরের কথা অস্বীকার করেন।হাসনার গৃহকর্ত্রী অভিযোগ করেন, গত মঙ্গলবার ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা শফিকুল আলম চারতলা থেকে হাসনাকে ডেকে ছাদে নিয়ে যান। তিনি বাড়ির ছাদে নিয়ে অন্য গৃহকর্মীদের সঙ্গে কথা বলার অভিযোগ এনে রুটি বানানোর বেলুন দিয়ে হাসনাকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় গুলশান থানায় মামলা করতে গেলে পুলিশ কেবল সাধারণ ডায়েরি (জিডি) নেয়। থানায় অভিযোগ দিতে যাওয়ায় শফিকুল তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছেন। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসের সমন্বয়ক বিলকিস বেগম বলেন, হাসনার হাত-পাসহ সারা শরীরে আঘাতের দাগ ও ক্ষত রয়েছে। সুস্থ হতে তাঁর আরও দু-তিন দিন সময় লাগবে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হাসনাকে মারধর করা হয়নি। তাঁকে চড়-থাপড় দিয়েছেন শফিকুল। এ কারণে তাঁর বিরুদ্ধে জিডি নেওয়া হয়েছে। হাসনার গৃহকর্তা-গৃহকর্ত্রীকে হুমকি দেওয়ার ব্যাপারে ওসি বলেন, শফিকুলের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।