রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল বুধবার দুপুরে ছকিনা (২৫) নামের এক গৃহপরিচারিকা খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় ওই বাসার গাড়িচালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।গুলশান থানা সূত্রে জানা গেছে, গুলশান ১০ নম্বর রোডের একটি বাড়িতে এ খুনের ঘটনা ঘটে। নিহত মেয়েটি এ বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গতকাল দুপুরে গাড়িচালক হাবিবুর রহমানের সঙ্গে ছকিনার কথাকাটাকাটি হয়। ছকিনা গাড়িচালককে বকাঝকা করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাসার রান্নাঘর থেকে ছুরি নিয়ে ছকিনাকে আঘাত করেন। ঘটনার পরপরই ছকিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তিনি মারা যান। ওই ঘটনার পর লোকজন গাড়িচালককে আটক করে। পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে।লাশ উদ্ধার: মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে গতকাল সকালে জয়নাল আবেদীন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকটি মহাখালীতে পালংক নামের ওই হোটেলে কয়েক দিন আগে উঠেছিলেন। জয়নালের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে। পুলিশের ধারণা, জয়নালকে হত্যা করা হয়েছে।হোটেলের কর্মচারীর বরাত দিয়ে পুলিশ জানায়, জয়নাল হোটেলকক্ষে অচেতন হয়ে পড়ে ছিলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, জয়নাল বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।