গুলশানে গ্রিল ভেঙে বাসা থেকে পাঁচ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জানালার গ্রিল ভেঙে একটি বাসা থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পুলিশ জানায়, গুলশান নর্থ অ্যাভিনিউর ৪, কনকর্ড হাইটস অ্যাপার্টমেন্টের ৩০২ নম্বর ফ্ল্যাটে থাকেন কোল্ড স্টোরেজ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। তাঁর ছোট ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী হাসানুজ্জামান কয়েক দিন আগে এ বাসায় আসেন। বৃহস্পতিবার সকালে সেলিমের সঙ্গে হাসানুজ্জামান বাসা তালা মেরে মতিঝিলে ব্যবসায়িক কাজে যান। রাত সাড়ে আটটায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে, ঘরের জিনিসপত্র লন্ডভন্ড ও তছনছ করা।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, জানালার গ্রিল ভেঙে চোরের দল ওই বাসায় ঢুকেছিল। তিনি বলেন, ব্যবসায়ী সেলিম থানায় মামলা দিলে তা গ্রহণ করা হবে।