গুলশানে চার ভবনে উচ্ছেদ

রাজধানীর গুলশান এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে প্রথম দিনের অভিযানে চারটি ভবনে স্থাপিত পাঁচটি রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকানসহ একটি ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানের কার্যালয় ও বিউটি পারলার সিলগালা করে দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান ও জোন-৪-এর অথরাইজড কর্মকর্তা আদিলুজ্জামান।
অভিযানের শুরুতে গুলশান-১-এর ১ নম্বর সড়কে অবস্থিত একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় গড়ে ওঠা ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁ, নিচতলার মল্লিক স্ন্যাক্স নামের একটি ফাস্টফুডের দোকান ও গাড়ি রাখার জায়গায় ইস্টার্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয় ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। এই আবাসিক ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন ছিল না।
তবে ভবনের মালিক ভিকারুন্নিসা অভিযোগ করে বলেন, রাজউকের পক্ষ থেকে দেওয়া এক নোটিশে অননুমোদিত এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য তাঁকে ৪ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আগে অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এই অভিযোগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান বলেন, রাজউক যে নোটিশ দিয়েছিল, তা নিয়মিত কাজের অংশ। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযানের জন্য কোনো ধরনের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা নেই।
অথরাইজড কর্মকর্তা আদিলুজ্জামানের ভাষ্য, নোটিশ দেওয়ার পরও ভবন থেকে অননুমোদিত এই প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে মালিকদের কোনো তৎপরতা তাঁদের চোখে পড়েনি। তাই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর পরেই ২ নম্বর সড়কের আরেকটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় গড়ে ওঠা সিএফসি নামের একটি ফাস্টফুডের দোকানের সামনের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় তলার একটি বিউটি পারলার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এই দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এদিকে ৩ নম্বর সড়কের ২ নম্বর প্লটে বহুতল ভবনের নিচতলায় গড়ে ওঠা একটি কফি হাউসে অভিযান চালাতে গেলে মালিকপক্ষ বাণিজ্যিক অনুমোদনের কাগজ দেখায়। তবে ভবনের নকশা পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান যে ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য গুলশান অ্যাভিনিউ অংশে একটিমাত্র পথ থাকার কথা থাকলেও নকশাবহির্ভূতভাবে কফি হাউসে প্রবেশের জন্য আলাদা একটা পথ করা হয়েছে। এ অবস্থায় কফি হাউসটির প্রবেশমুখ বন্ধ করে তা সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া ওই অংশে মূল ভবন থেকে রাস্তায় চলে আসা র্যা ম্পও (গাড়ি ওঠানামার পথ) গুঁড়িয়ে দেওয়া হয়।
কফি হাউসটির অন্যতম মালিক সাবু চৌধুরী বলেন, ‘ভবনের এই অংশের প্রবেশপথটি যে নিয়মবহির্ভূতভাবে তৈরি করা হয়েছে, সেটা আমরা জানতাম না। এখন আইনগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিচ্ছি। তবে ভবনমালিককে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।’
সবশেষে ৫ নম্বর সড়কে দোতলা একটি আবাসিক ভবনে গড়ে ওঠা জাফরান নামের একটি রেস্তোরাঁর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দিয়ে সেটি সিলগালা করে দেওয়া হয়।
অথরাইজড কর্মকর্তা আদিলুজ্জামান বলেন, আগামী ২১ কর্মদিবস পর্যন্ত টানা এ অভিযান চলবে।
চলতি মাসের শুরুতে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি এসব এলাকার অননুমোদিত প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য রাজউকের জোন-৪-এর (গুলশান, বনানী, বারিধারা) পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য অনুসারে এই এলাকায় অবস্থিত ৫৫২টি অননুমোদিত স্থাপনার মধ্যে ৩৪২টিই রেস্তোরাঁ।
এ ছাড়া এসব এলাকায় অননুমোদিত আবাসিক হোটেল ও রেস্টহাউস রয়েছে ৬২টি। রয়েছে ১৬টি বার, ৫৬টি স্কুল, ৩টি কলেজ, ২৩টি বিশ্ববিদ্যালয় এবং ৫০টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্র। এর মধ্যে ৩৫টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের অবস্থান বনানীতে। ২৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১টি এই এলাকায় অবস্থিত। আর ৫৬টি স্কুলের মধ্যে ৩৯টির অবস্থান গুলশানে। এই এলাকায় সর্বাধিক ১৯৩টি রেস্তোরাঁ রয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের কর্মকর্তারা বলছেন, এই পাঁচ শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে চার শর মতো প্লটে, যেগুলোর কোনো ধরনের বাণিজ্যিক অনুমোদন নেই। এমনকি হলি আর্টিজান বেকারিও গড়ে উঠেছে আবাসিক প্লটে। অননুমোদিত এসব প্রতিষ্ঠানের মধ্যে হোটেল-রেস্তোরাঁ আগে উচ্ছেদ করা হবে।