গুলশানে চালু হলো বিশেষ রিকশা ও বাসসেবা

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস সেবা চালু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় গুলশান পুলিশ প্লাজার সামনে এক অনুষ্ঠানে বিশেষ রিকশা ও বাস সেবার উদ্বোধন করা হয়।
গত ১ জুলাই হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পর কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এসব এলাকায় নিয়মিত যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। জনগণের চলাচলের সুবিধার্থে এবং গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করতে বিশেষ রিকশা ও বাস সেবা চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এই সেবা চালুর ফলে গুলশান এলাকার নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি যানজটও কমবে বলে আশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকায় অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে। কিছুদিন আগে ঢাকার প্রতিটি সিটি করপোরেশনের সঙ্গে আটটি করে ইউনিয়ন যুক্ত হওয়ায় সিটির আয়তন প্রায় দ্বিগুণ বেড়েছে। এসব ইউনিয়নসহ সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনের জন্য একটি বিশদ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, পয়লা জুলাইয়ের হামলার পর এই কূটনৈতিক এলাকার অবস্থার পরিবর্তন হয়েছে। চারটি সোসাইটি, পুলিশ ও সিটি করপোরেশন মিলিয়ে বেশ দ্রুত এই বাস সেবা চালু করা গেছে। সব মিলিয়ে গুলশানে একটি বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হচ্ছে।
মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। গুলশানে হামলার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ন হয়েছে। বিদেশি যাঁরা বাংলাদেশে আছেন, তাঁদের মধ্যে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা আছে, তা দূর করতে চেষ্টা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মহানগরের নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন এসেছে। নিয়মিত ব্লক রেইড ও তল্লাশি করা হচ্ছে। চলছে গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান। গুলশান এলাকায় পুলিশের উপস্থিতি বাড়িয়ে নাগরিকদের মন থেকে ভীতি দূর করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ এ কে এম রহমতুল্লাহ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে ‘ঢাকা চাকা’ নামের এই বাস সেবা চালু হলো। পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলী মোড় থেকে নতুন বাজার—এই দুটি রুটে ১০ মিনিট পরপর বাস ছাড়বে। প্রথম দফায় ১০টি বাস নিয়ে চালু হচ্ছে বাস সেবা। ২০ আগস্টের মধ্যে আরও ১০টি বাস যোগ হবে। শীতাতপনিয়ন্ত্রিত প্রতিটি বাস ৩৫ আসনবিশিষ্ট।
একটি রুটের বাস ছাড়বে তেজগাঁও-গুলশান লিংক রোডের নাভানা মোড় থেকে। বাস পুলিশ প্লাজা, গুলশান ১ ও রূপায়ণ টাওয়ার হয়ে গুলশান ২ নম্বর গোলচত্বর পর্যন্ত যাবে। আরেক রুটের বাস ছাড়বে কাকলী মোড় থেকে। বনানী বাজার, গুলশান ২ নম্বর হয়ে যাবে নতুন বাজার। যেকোনো দূরত্বের ভাড়া ১৫ টাকা।