গুলশানে চুলার আগুনে দগ্ধ এক গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ২ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলার বাসায় গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার তিন গৃহকর্মীর একজন নিহত ও দুজন দগ্ধ হয়েছেন। নিহত গৃহকর্মীর নাম শরিফা আক্তার (১৮) । দগ্ধ হয়েছেন বেদেনা আক্তার (২০) ও পারভিন বেগম (৩৭)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রান্নাঘরে চুলার গ্যাস থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, গুলশান-২-এর ৭৩ নম্বর সড়কে নাভানা টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকাল সোয়া ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। কিন্তু দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে গত অক্টোবরে রাজধানীর জুরাইনে এক অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য এবং ২৬ ফেব্রুয়ারি উত্তরায় আরেক অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন মারা যান। দুটি অগ্নিকাণ্ডই ঘটেছিল রান্নাঘরে গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে।
গতকালের অগ্নিকাণ্ড সম্পর্কে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, দগ্ধ তিনজন রান্নাঘরের পাশের একটি কক্ষে ছিলেন। সকাল পৌনে ছয়টার দিকে তাঁদের একজন রান্নার জন্য চুলা জ্বালাতে যান। এ সময় চুলা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গোটা কক্ষে আগুন ধরে যায়। দগ্ধ পারভিনের বরাত দিয়ে তিনি বলেন, রাতের রান্না শেষে কেউ একজন গ্যাসের চুলা চালু করে রেখেছিলেন। এতে পুরো কক্ষে গ্যাস ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন।
সালাউদ্দিন বলেন, নাভানা টাওয়ারের তৃতীয় ও চতুর্থ তলা মিলিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি বানানো হয়েছে। এর মালিক দেশের বাইরে থাকেন। মালিকের স্ত্রী ও দুই সন্তান এই বাড়িতে থাকেন। দুই সন্তানের দেখাশোনা ও বাড়ির কাজের জন্য চারজন গৃহকর্মী আছেন। দুর্ঘটনার রাতে গৃহকর্মীদের একজন গৃহকর্ত্রীর ও তাঁর সন্তানদের সঙ্গে চতুর্থ তলায় ছিলেন। তৃতীয় তলায় দগ্ধ গৃহকর্মীরা ছাড়া অন্য কেউ ছিলেন না।