গুলশানে ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনায় ৩ মামলা
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ আবদুর রাজ্জাকের দেহরক্ষী পুলিশ কনস্টেবলের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত বাদল পেশাদার ছিনতাইকারী। আর ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া সুলতানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এদিকে গতকাল রাত পর্যন্ত বাদলের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গেই পড়ে ছিল। বিকেলে বাদলের কয়েকজন স্বজন মর্গে এলেও তাঁরা লাশ নিয়ে যাননি বলে জানা গেছে। পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার রেহানা পারভীন গত বুধবারই গুলশান থানায় একটি মামলা করেন। এর বাইরে অস্ত্র আইনে ও পুলিশকে আক্রমণ করার অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ।ছিনতাই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বাদল ও সুলতান রাজধানীর বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন। সুলতানের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটের দাসের জঙ্গল এলাকায়। বাদলের বাড়ি বরিশালে। বাদল ও সুলতান একটি হোন্ডা সিডিআই মোটরসাইকেল নিয়ে বেশ কিছুদিন ধরে ছিনতাই চালিয়ে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলের প্রকৃত মালিককে খুঁজে বের করতে বিআরটিএর কাছে চিঠি পাঠানো হয়েছে। বাদল ও সুলতানের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গত বুধবার দুপুরে গুলশানে পাকিস্তান হাইকমিশনের কাছে এক নারীর ব্যাগ ও অলংকার ছিনতাই করে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগ পালিয়ে যাচ্ছিল। এ সময় সাংসদ আবদুর রাজ্জাকের গাড়ি নিয়ে চালক ও দেহরক্ষী ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে ওই গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। আবদুর রাজ্জাকের দেহরক্ষী কনস্টেবল হেমায়েত উদ্দীন পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে বাদল ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সহযোগী সুলতানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।