গুলশানে দগ্ধ আরেক গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ২ নম্বরে ব্যবসায়ীর বাসায় অগ্নিদগ্ধ গৃহকর্মী বেদানা আক্তার (২০) গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
গত সোমবার রাতে গুলশান ২-এর ৭৩ নম্বর নাভানা টাওয়ারের দোতলার একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই বাসার গৃহকর্মী শরিফা আক্তার (১৮), বেদানা আক্তার (২০) ও পারভীন বেগম (৩৭) অগ্নিদগ্ধ হন। তাঁরা সায়েম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফকাত হোসেনের গৃহকর্মী। দগ্ধ গৃহকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিনই শরিফা আক্তার মারা যান। গতকাল সকালে বেদানা আক্তার বার্ন ইউনিটে মারা যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন পারভীনের অবস্থাও আশঙ্কাজনক।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, বেদানার শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটে চিকিৎসাধীন পারভীনের শরীরের ২০ ভাগ দগ্ধ হয়েছে।
বেদানার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তাঁর স্বামী শহীদ পেশায় কৃষক।
নাভানা টাওয়ারের ওই বাসার আরেক গৃহকর্মী রুমি বেগম জানান, দগ্ধ পারভীন রান্নার কাজ করেন। বেদানা ছিলেন তাঁর সহকারী। আর দগ্ধ শরিফা বাসার মালিকের সন্তানদের দেখাশোনা করতেন।
পুলিশ জানায়, নাভানা টাওয়ারের তৃতীয় ও চতুর্থ তলা মিলিয়ে তৈরি করা ডুপ্লেক্সটির মালিক দেশের বাইরে থাকেন। মালিকের স্ত্রী ও দুই সন্তান বাসায় থাকেন। দুই সন্তানের দেখাশোনা ও বাড়ির কাজের জন্য চারজন গৃহকর্মী আছেন। দুর্ঘটনার রাতে গৃহকর্মীদের একজন গৃহকর্ত্রী ও তাঁর সন্তানদের সঙ্গে চতুর্থ তলায় ছিলেন। তৃতীয় তলায় দগ্ধ গৃহকর্মীরা ছাড়া অন্য কেউ ছিলেন না।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, ঘটনার দিন একজন গৃহকর্মী রান্নার জন্য চুলা জ্বালাতে যান। এ সময় চুলা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গোটা কক্ষে আগুন ধরে যায়। দগ্ধ পারভীনের বরাত দিয়ে তিনি বলেন, রাতের রান্না শেষে কেউ একজন গ্যাসের চুলা চালু করে রেখেছিলেন। এতে পুরো কক্ষে গ্যাস ছড়িয়ে পড়ে।