গুলশানে নামছে বিশেষ রিকশা ও বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস সেবা চালু করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন। বিশেষ রিকশা ও বাস সেবা চালুর সম্ভাব্য তারিখ ৯ আগস্ট বলে জানা গেছে।

মেয়র বলেন, এসব এলাকায় বাইরের রিকশা ঢুকত, তা বন্ধ করা হবে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ রঙের ৫০০ রিকশা চলবে। চালকদের বিশেষ পোশাক থাকবে। গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারায় ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য তিনজন করে চালক থাকবেন। প্রতি চালক আট ঘণ্টা করে রিকশা চালাবেন। পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলি মোড় থেকে নতুন বাজার এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। এসব বাস হবে ছোট আকৃতির বিশেষ বাস। এসব রিকশা ও বাস ছাড়া ব্যক্তিগত গাড়িসহ নিজস্ব যানবাহন চলাচল করতে পারবে।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর এসব এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গুলশানে কোনো গণপরিবহন ও রিকশা ঢুকতে দেওয়া হচ্ছে না।