গুলশানে নামছে বিশেষ রিকশা ও বাস
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন। বিশেষ রিকশা ও বাসসেবা চালুর সম্ভাব্য তারিখ ৯ আগস্ট বলে জানা গেছে।
জানা গেছে গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারায় ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য তিনজন করে চালক থাকবেন। প্রতি চালক আট ঘণ্টা করে রিকশা চালাবেন।
পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলি মোড় থেকে নতুন বাজার এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। এসব বাস হবে ছোট আকৃতির বিশেষ বাস। এসব রিকশা ও বাস ছাড়া ব্যক্তিগত গাড়িসহ নিজস্ব যানবাহন চলাচল করতে পারবে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান গতকাল বলেন, হলি আর্টিজানে হামলার পর পুলিশের গাড়ি, মোটরবাইক ও পদচারী টহল বাড়ানো হয়েছে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় আগে ১২টি চেকপোস্ট ছিল। সেটি বাড়িয়ে ১৮টি করা হয়েছে। গুলশান লেকে দুটি স্পিডবোট সার্বক্ষণিক টহলের জন্য মোতায়েন করা হয়েছে।
মোস্তাক আহমেদ বলেন, বারিধারা এলাকায় প্রবেশের জন্য আটটি প্রবেশপথ ছিল। তা কমিয়ে এখন ওই এলাকায় প্রবেশ ও বের হওয়ার একটি করে রাস্তা খোলা রাখা হয়েছে। এ ছাড়া প্রতি দুই দিন অন্তর ব্লক রেইড দেওয়া হচ্ছে।