গুলশানে নারী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
গুলশানে কাজল বেগম (২৫) নামের এক নারীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সুজন বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, সুজন বিশ্বাস কাজলকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছেন। কাজলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে পরে অপর একজনকে ভালোবাসলে তিনি ক্ষিপ্ত হয়ে কাজলকে হত্যা করেন। এ বিষয়ে সুজন গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
৫ মার্চ সকালে পুলিশ গুলশান-১-এর ৭ নম্বর সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে তরুণীকে কাজল বলে শনাক্ত করেন। কাজল ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে গুলশান থানার পুলিশ।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সোর্স লাগিয়ে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ কাজল হত্যার ঘটনায় সুজনকে শনাক্ত করে। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গতকাল সকালে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সুজন পেশায় গাড়িচালক।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সুজন আদালতকে বলেন, ৪ মার্চ সন্ধ্যায় তিনি কাজলকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে ধানমন্ডি, লালমাটিয়া ও সংসদ ভবন এলাকায় ঘুরে বেড়ান। রাত ১০টার দিকে বিজয় সরণির উল্টো দিকে তেজগাঁও ওভারপাসের নিচে তিনি প্রথমে কাজলকে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে গুলশান-১-এ লাশ ফেলে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার বলেন, কাজলের লাশ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরে ওই আঙুলের ছাপের সঙ্গে সুজনের জাতীয় পরিচয়পত্রে দেওয়া আঙুলের ছাপের মিল পাওয়া যায়। এভাবে পুলিশ নিশ্চিত হয় সুজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।