গুলশানে নারীর রহস্যজনক মৃত্যু, গুলি উদ্ধার
গুলশানে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। পরে ময়নাতদন্তের সময় তাঁর দেহ থেকে দুটি গুলি উদ্ধার করা হয়। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে চিকিৎসকেরা তাঁর ময়নাতদন্ত করতে গিয়ে গুলি দুটি উদ্ধার করেন।
এর আগে গুলশান থানা-পুলিশ শুক্রবার রাতে ‘সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে থাকতে পারেন’ মর্মে তাঁর মরদেহটি হাসপাতালে রেখে যায়।
নিহত ওই নারীর নাম রানী (৩৫)। তাঁর বাবার বাড়ি সিলেটের জৈন্তাপুর এলাকার আদর্শ গ্রামে। তাঁর এক ছেলে ও মেয়ে আছে। ছেলের নাম শান্ত (১৮) এবং মেয়ে প্রতিবন্ধী নন্দিনী (৫)। তিনি ঢাকায় কুড়িল বিশ্বরোড এলাকার কাজীবাড়িতে মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
রানীর বোন শাহানাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে প্রথম আলোকে বলেন, ‘রানীর বাসার পাশেই আমিও ভাড়া বাসায় থাকি। গত শুক্রবার রাত আটটার দিকে তার বাসায় মেয়ে নন্দিনীকে রেখে কাজে বেরিয়ে যায় রানী। বলেন ‘ডিউটিতে’ যাচ্ছি। এরপর রাত দুইটার দিকে খবর পাই সে মারা গেছে। পুলিশ জানিয়েছে, ‘অ্যাক্সিডেন্টে’ মারা গেছে। কিন্তু হাসপাতালে আসার পর সাংবাদিকদের কাছ থেকে জানতে পারি গুলি পাওয়া গেছে।’
রানী পেশায় কী করতেন এমন প্রশ্নেরও জবাব দিতে পারেননি তাঁর বোন শাহানাজ। শুধুই বলছেন, রাতে বের হতেন। বাসায় ফিরতেন সকালে। কোথায় কোন প্রতিষ্ঠানে কাজ করতেন তাঁর কোনো উত্তর দিতে পারেননি। শাহানাজ বলেন, আলম নামে জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। পাঁচ বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। রানী জামালপুরে তাঁর শ্বশুরবাড়ির পাশেই নিজে একটি বাড়ি করেছেন।
রানীর মৃত্যুর খবরে হাসপাতালে সাত-আটজন নারী ও দু-তিনজন পুরুষ জড়ো হন। তাঁরা কেউ নিজেকে রানীর বান্ধবী, কেউবা রানীর প্রতিবেশী বলে পরিচয় দেন। কিন্তু কেউই রানী কী করতেন, কোথায় যেতেন সে বিষয়ে কিছু জানেন না বলে জানান। তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, রানী কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন।
নাজমা নামের এক মহিলা বলেন, রাত দুইটার দিকে এক অপরিচিত সিএনজিচালক গিয়ে জানান যে রানীর মরদেহ পাওয়া গেছে। এরপর রাতেই তাঁরা গুলশানে যান।
শুক্রবার রাতে এই নারীর মরদেহ গুলশান থেকে উদ্ধার করে পুলিশ। তখন তাঁর পরিচয় পাওয়া যায়নি। মর্গের রেজিস্টার খাতা অনুযায়ী রাত ১টা ৪০ মিনিটে গুলশান থানা-পুলিশ এই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায়। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে মর্গের রেজিস্টার খাতায় লিখে যায় তারা।
ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই নারীর শরীরের ডান পাশ দিয়ে গুলি ঢুকেছে। একটি গুলি তাঁর ফুসফুস এবং অন্যটি তাঁর বাঁ স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। গুলিটি কী ধরনের সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেখবেন।
মরদেহটি গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে ছিল। সেখান থেকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলম মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফারুক আলম প্রথম আলোকে বলেন, রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। এ সময় থানা থেকে জানানো হয় মরদেহটির কথা। গিয়ে দেখেন দেহটি চিত হয়ে পড়ে আছে। পরনে হলুদ রঙের সালোয়ার-কামিজ ছিল। ডান কাঁধের নিচে রক্ত ছিল, মনে হচ্ছিল থেঁতলে গেছে। কোনো গর্ত ছিল না। যে জায়গাটিতে দেহটি পড়ে ছিল, সেখানে কোনো রক্ত জমাট বাঁধা ছিল না।
ফারুক আলম বলেন, প্রাথমিকভাবে কোনো গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। তাঁকে গুলি করা হলেও অন্য কোথায় গুলি করে এখানে এনে লাশ ফেলে রাখা হয়।