গুলশানে নিরাপত্তা বেড়েছে তবে আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলি আর্টিজান রেস্তোরঁায় জঙ্গি হামলার পর গুলশান আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে l প্রথম আলো
হলি আর্টিজান রেস্তোরঁায় জঙ্গি হামলার পর গুলশান আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে l প্রথম আলো

গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর থেকে ওই এলাকায় কঠোর নিরাপত্তা। সড়কে সড়কে পুলিশের তল্লাশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ দল টহল দিচ্ছে। কিন্তু তারপরও আতঙ্ক কাটছে না মানুষের। চাকরিজীবীরা আসা-যাওয়া করছেন চাপা অস্বস্তি নিয়ে। রেস্তোরাঁগুলোয় এখনো মানুষের ভিড় জমে ওঠেনি। বিদেশি নাগরিকেরাও নিতান্ত দরকার না হলে প্রকাশ্যে চলাফেরা করছেন না।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত গুলশান এলাকা ঘুরে এবং ব্যবসায়ী, চাকরিজীবীসহ ওই এলাকা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
এদিকে জঙ্গি হামলার পর থেকে গুলশান এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় পুলিশ। গতকাল থেকে বিশেষ রিকশা ও বাস সেবা চালু করেছে সিটি করপোরেশন। এতে যাতায়াতে দুর্ভোগ কমলেও যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, অনেকের অভিযোগ, সেটা বেশি হয়ে গেছে।
গুলশান, বারিধারা, নিকেতন ও বনানী এলাকায় পুলিশ ১৮টি তল্লাশিচৌকি বসিয়েছে। বনানী-গুলশান ব্রিজের ওপর রয়েছে এমনই একটি চৌকি। সকাল সাড়ে নয়টায় গিয়ে দেখা যায়, সেখানে দাঁড়িয়ে আছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য। ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বা মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।
সকাল ১০টা ২০ মিনিটে নতুন বাজার মোড়ে গিয়েও দেখা গেল একই চিত্র। সেখানে থাকা গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) গাড়ি তল্লাশি করছিলেন। সঙ্গে ছিলেন এপিবিএনের দুই সদস্য। ওই এসআই বললেন, সকাল সাড়ে ৮টা থেকে মোট ২২টি গাড়ি তল্লাশি করেছেন তিনি। যে গাড়িগুলো তল্লাশি করেছেন, সেগুলোর নম্বরও টুকে রাখছেন একটি কাগজে।
তবে নিরাপত্তা বাড়লেও আতঙ্ক কাটছে না মানুষের মন থেকে। মানুষের যাতায়াত স্বাভাবিক না হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকায় প্রায় ১২ বছর ধরে ফুলের ব্যবসা করেন ফজলুল হক। প্রথম আলোকে তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে ১০-১২ জন বিদেশি নাগরিক আগে তাঁর দোকান থেকে ফুল কিনতেন। কিন্তু জঙ্গি হামলার ঘটনার পর থেকে সপ্তাহে দুজনও আসেন না। আশপাশের এলাকা থেকেও অনেকে আসতেন। কিন্তু যাতায়াতের কড়াকড়ির কারণে এখন তা-ও বন্ধ।
গুলশান ১ নম্বরের একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মালিক বলেন, দিনে কমপক্ষে ১০ জন বিদেশি তাঁর এখানে এসে টাকা ভাঙাতেন। কিন্তু গত এক মাসে সব মিলিয়ে ১০ জনও আসেননি। একই কথা জানান ফার্মেসি টোয়েন্টিফোর ও মেট্রো বুক সেন্টার অ্যান্ড স্টেশনারিজের কর্মচারীরাও। ব্যবসায় ধস নেমেছে বলে মন্তব্য তাঁদের।
গুলশানের বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি টহল দিতে দেখা গেছে। বড় মার্কেটগুলোর সামনে ছিল পুলিশের পাহারা। কাকলী থেকে গুলশান ২-এ যাওয়ার সড়ক কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী বাজারের আশপাশে এবং নতুন বাজারের দিকে কোথাও কোথাও রাস্তার পাশে পুলিশকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
গুলশান এলাকায় বিশেষ বাস ও রিকশা চলাচল নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে বলছেন, দীর্ঘদিন পর বাস চলাচল শুরু হওয়ায় যাতায়াতের সমস্যা কমবে। তবে ভেঙে ভেঙে যাতায়াতে সময় অপচয় এবং হেনস্তার কথাও জানালেন কেউ কেউ।
বাসের জন্য গুলশান ২-এর মোড়ের পাশে দাঁড়িয়ে ছিলেন লতিফ হোসেনসহ আরও জনা দশেক লোক। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে গেলে বেশ কয়েকজন একসঙ্গে কথা বলে ওঠেন। বাসে উঠলেই ১৫ টাকা গুনতে হবে এমনটা মানতে নারাজ তাঁরা। লতিফ হোসেন বলেন, আগে যে দূরত্ব তাঁরা ৫ টাকায় যেতেন, সেখানে ১৫ টাকা এখন তাঁদের গুনতে হচ্ছে।