গুলশানে নিহত জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করেছিল: শহীদুল হক
গুলশানে রেস্তোরাঁয় যৌথ বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশ অনেক চেষ্টা করেছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। তবে আজ শনিবার রাত পর্যন্ত এদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ এবং ওই রেস্তোঁরা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের মতে, মোট সাত জঙ্গি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। ১২ ঘণ্টা পরে গতকাল সকালে যৌথ বাহিনীর অভিযানে ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত এবং একজন গ্রেপ্তার হয়েছে।
এদিকে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। রাতেই ইসলামিক স্টেটের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানায়, ওই রেস্তোরাঁর ভেতরে ২৪ জনকে হত্যা করা হয়েছে।
জঙ্গিদের হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাজার সময় পুলিশের আইজি শহীদুল হক বলেন, ‘পাঁচজনের পরিচয় সুস্পষ্ট যে এরা জঙ্গি। দেশের বিভিন্ন জায়গায় এদের গ্রেপ্তারের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এরা সবাই বাংলাদেশি। আইএস তো সব সময় দায় স্বীকার করে। আমেরিকায় একটি ঘটনায় ৫০ জন মারা গেছে, সেখানেও আইএস দায় স্বীকার করেছে। দায় স্বীকারের লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’
গতকাল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, জঙ্গিদের এই দলকে ধরতে এক সপ্তাহ আগেও একটি অভিযান চালানো হয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়। তাদেরকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। একটা পর্যায়ে ভাবা হচ্ছিল, তারা দেশ ছেড়ে চলে গেছে। তিনিও তাদের পরিচয় প্রকাশ করতে চাননি।
এদিকে গতকাল রাতে ছয় জঙ্গির লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রাত পর্যন্ত তাদের শনাক্ত করতে কেউ আসেনি। লাশগুলো মরচুয়ারিতে রাখা হয়েছে।
জীবিত অবস্থায় যে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তার পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য রয়েছে। ওই সন্দেহভাজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে অনলাইনে অনেকে পোস্ট লিখেছেন। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করছে।