ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় পুলিশ জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের প্রতিরোধের কারণে হামলাকারীরা ওই জায়গা থেকে বের হতে পারেনি।
আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার অভিযোগ বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা) প্রশ্ন তুলেছেন যে বনানী থানার ওসি কেন গুলশান এলাকায় গেছেন? এ ঘটনার পরপরই আমি আমার সব কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলাম ঘটনাস্থলে যেতে। বনানী থানার ওসিও সে কারণেই গিয়েছিলেন। দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীর এ বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যপূর্ণ ও সন্ত্রাসীদের মদদ দেওয়ার শামিল।’
জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘যাঁরা উসকানি দিচ্ছেন, তাঁদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হবে। কেউই প্রচলিত আইনের ঊর্ধ্বে নয়।’ তিনি আরও বলেন, ওই ঘটনার পর তল্লাশি চৌকি বসিয়ে নিয়মিত তল্লাশি করা হচ্ছে। পুলিশের এ ধরনের কাজে সহায়তার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে তিনি তা পুলিশকে জানাতে বলেন। যিনি জানাবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি নিশ্চয়তা দেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা মোকাবিলায় পুলিশই যথেষ্ট নয়। এর জন্য জনসম্পৃক্ততা প্রয়োজন।
নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রকৃত সংখ্যা বলতে পারব না। গণমাধ্যমে এসেছে এবং আমরাও জেনেছি, বেশ কিছু তরুণ স্বেচ্ছায় নিখোঁজ রয়েছে। নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
গুলশানের ঘটনায় জিম্মিদশা থেকে উদ্ধার হাসনাত করিম ও তাহমিদ পুলিশের কাছে আছেন কি না, তা জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটা আমাদের তদন্তকারী দল বলতে পারবে। তাদের জিজ্ঞেস করুন।’ এ ঘটনার পর ভারতে কিছু ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুলশানের হামলার সঙ্গে যারা জড়িত, তারা সবাই এ দেশের। তাদের সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তথ্য-প্রমাণ ছাড়া আমরা কিছু বলতে চাচ্ছি না।’
তদন্তে বাইরের দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে কি না, তা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের কর্মকর্তারা এ ধরনের ঘটনা তদন্তে সম্পূর্ণ সক্ষম। তবে কারিগরি কোনো সহযোগিতা নেওয়ার প্রয়োজন পড়লে নেওয়া হতে পারে।’