গুলশানে পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করা যায়নি
গুলশানে পুলিশের ওপর হামলাকারী দলটিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে আহত কনস্টেবল আসাদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।সন্ত্রাসীরা কেন পুলিশকে লক্ষ্য করে গুলি করল, তাও নির্দিষ্টভাবে জানতে পারেননি পুলিশ কর্মকর্তারা। তবে তাঁরা বলছেন, তারা পেশাদার অপরাধী। হাতের নিশানা খুবই ভালো।গত রোববার রাতে রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন কূটনৈতিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল আসাদুজ্জামান। প্রত্যক্ষদর্শী পুলিশের অন্য সদস্যরা জানিয়েছেন, গুলি করার পর নম্বর ছাড়া একটি টয়োটা প্রিমিও কারে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ এখনো গাড়ি বা যাত্রীদের শনাক্ত করতে পারেনি।এদিকে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা জানান, গুলশান এলাকায় অনেক তরুণ তাদের বাবার বা বন্ধুর গাড়ি নিয়ে নেশা ও ফুর্তির খরচ জোগাতে ছিনতাই করে। কিন্তু গতকাল যে দলটি এ ঘটনা ঘটিয়েছে, তারা পেশাদার।এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী কনস্টেবল মমিনুল জানিয়েছেন, ওই গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না। পুলিশের কর্মকর্তারা বিষয়টিকে ঠিক বিশ্বাসযোগ্য মনে করছেন না। কারণ নম্বর প্লেট ছাড়া যেকোনো গাড়ি রাস্তায় সবচেয়ে বেশি চোখে পড়ে। তাই অপরাধের উদ্দেশ্যে কেউ নম্বর প্লেট ছাড়া গাড়ি নিয়ে বের হয় না।