গুলশানে ফুটপাত পরিষ্কার করতে নেমেছে ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউকের ভ্রাম্যমাণ আদালত গতকাল রোকেয়া সরণির তালতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালান l ছবি: প্রথম আলো
রাজউকের ভ্রাম্যমাণ আদালত গতকাল রোকেয়া সরণির তালতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালান l ছবি: প্রথম আলো

গুলশানের বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি স্থাপনা গতকাল মঙ্গলবার উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে চারটি বহুতল ভবনের কিছু অংশ ফুটপাতের ওপর থাকায় সেগুলো অপসারণ করা হয়। এ সময় তিনটি মামলা হয়। এ ছাড়া ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার কার্যালয় ও দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় ওই এলাকার সড়ক, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসির একটি প্রকল্পের কাজ চলছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ‘গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি থেকে।
এই প্রকল্পের অধীনে ৫৬ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন করা হবে। গুলশান ১ থেকে ২ পর্যন্ত গুলশান অ্যাভিনিউর ফুটপাত সংস্কার ও প্রশস্ত করতে ডিএনসিসির সম্পত্তি বিভাগ গত সপ্তাহে মাপজোখ শুরু করে। মাপতে গিয়ে সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের চোখে অবৈধ দখল ধরা পড়ে।
ফুটপাত দখল করে বসানো হয়েছে ব্যাংকের এটিএম বুথ। কোথাও ফুটপাত চলে গেছে সড়কের পাশের বাড়ির সীমানার ভেতরে। কেউ নিজের মতো করে ফুটপাতের জায়গায় ব্যক্তিগত বাগান গড়ে তুলেছেন। ফুটপাত দখলকারীদের অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টা থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে ডিএনসিসি।
এরই ধারাবাহিকতায় গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযানে গুলশান অ্যাভিনিউর পাশের দুটি বহুতল ভবনের এয়ারকন্ডিশনার এবং সিঁড়ির কিছু অংশ ফুটপাতের ওপর থাকায় সেগুলো অপসারণ করা হয়। একইভাবে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর পাশের দুটি ভবনের কিছু অংশ একইভাবে অপসারণ করা হয়।
অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর অধীনে তিনটি মামলা এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আবদুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল এম এম সাবের সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।