গুলশানে বহুতল বাড়িতে আগুন
গুলশান-২-এর লেকপাড়ে গতকাল বুধবার রাত নয়টার দিকে নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, লেকপাড়ের ক-৭২/৪সি শাহজাদপুর এলাকায় নয়তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। এতে পাটের বস্তা ও কয়েকটি কাঠের চৌকি পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
বাড়ির দোতলায় থাকেন মালিক দাবিদার গাজী মাহমুদ কামালের পরিবার। তিনতলায় আনসার পাহারা বসিয়েছেন আরেক দাবিদার। আনসারদের থাকার জায়গাটি থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার সময় গাজী কামাল দেশের বাইরে ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, আদালতের রায় থাকার পরও আনসার ওঠানো যাচ্ছে না। মনে হচ্ছে, বাড়িটি দখল চেষ্টার অংশ হিসেবে আগুন লাগানো হয়েছে। তাঁরা বলেন, আগুন লাগার পর আনসার সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যান। কিন্তু নিচতলার ফটকে তালা মেরে দেন। দোতলায় এ সময় আটকা পড়েন গাজী কামালের স্ত্রী ও তিন সন্তান। তাঁদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তারাই আনসারদের দিয়ে নিচতলার ফটক খুলিয়ে ওপরে ওঠে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়িটি নিয়ে গাজী কামালের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।