গুলশানে বাণিজ্যিক ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গতকাল সোমবার রাতে একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের ওপরের তলায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত ১০টা বাজার কিছু আগে গুলশান ১ নম্বরের তাজ ক্যাসেলিনা নামের ওই ভবনে আগুন লাগার সংবাদ আসে। এরপর প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনটির দোতলা ও পাঁচতলায় কাতার এয়ারওয়েজের কার্যালয়। বাকি তলাগুলোতে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির কার্যালয় রয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, হরতালে তালাবদ্ধ থাকার কারণে তালা কেটে ভবনের ভেতরে ঢুকতে হয়েছে। ভবনের পাঁচতলায় একটি সার্ভার কক্ষ আগুনে পুরোটাই পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে রাত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ভবনের দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁরা ধোঁয়া দেখে আগুন লাগার খবরটি জানান। আগুনে কাতার এয়ারওয়েজের কার্যালয়টি পুড়ে গেছে। এ ছাড়া ধোঁয়া ও নেভানোর জন্য ছোড়া পানিতে ওই ভবনে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার ট্রাভেল এজেন্সিগুলোতে রাখা অনেক গ্রাহকের ভ্রমণসংক্রান্ত কাগজপত্রাদি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।