গুলশানে বোমাতঙ্ক, পুলিশ বলছে ফাঁকা ব্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বরে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশ বলছে, ওই ব্যাগে কিছুই ছিল না।
আজ সন্ধ্যায় গুলশান ১ নম্বর গোল চত্বরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে অনেকে সেটিকে বোমা মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। একজন ব্যবসায়ী জানান, মাত্র চার দিন আগেই এখান থেকে কিছু দূরে হোলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও হত্যাযজ্ঞ চলে। সে কারণে সবাই এখনো আতঙ্কিত। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে জায়গাটি ঘিরে রাখে। পরে পুলিশ জানায় সেটি আসলে বোমা নয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ব্যাগের মধ্যে কিছুই পাওয়া যায়নি। সেটি ফাঁকা ছিল। তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন।