গুলশানে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ১ নম্বরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুর রশিদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক লালমনিরহাট জেলার পাটগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নিহত রশিদের সহকর্মী শাহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, রশিদ গুলশান ১-এর ৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সেখানে কাজ করার আগে তিনি কোমরে বেল্ট বাঁধার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ নিচে পড়ে যান তিনি। পরে ওই ভবনে কর্মরত অন্য শ্রমিকেরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহিন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে নির্মাণকাজ করে আসছেন। তাঁদের এলাকার অনেকে একসঙ্গে এই ভবনে কাজ করেন।