গুলশানে ভয় দেখাতে ১০০ ক্যামেরা!

সাদা পোশাকে দুজন পুলিশ সদস্য মনিটরের সামনে বসে আছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে গুলশান ১ নম্বর চৌমাথায় বাস রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। হুশ হুশ করে ট্রাফিকের সংকেত অমান্য করে বেরিয়ে যাচ্ছে মোটরসাইকেল, এমনকি গাড়িও। যে পথে রিকশা চলার কথা নয় সে পথে রিকশাও চলছে। এসব দেখেও নজরদারির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কোনো গা করছেন না।
এই কক্ষ থেকে ছবি দেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না। ফলে ক্যামেরার ধারণ করা দৃশ্যগুলো অপরাধ বা যানজট নিয়ন্ত্রণে আপাতত কোনো কাজেই আসছে না।
গতকাল সোমবার গুলশান থানায় গিয়ে এভাবেই মনিটরে চোখ রেখে গুলশান, বনানী ও নিকেতন এলাকার যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করতে দেখা গেছে পুলিশকে। ক্যামেরার ফুটেজ দেখে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামি ধরা না হলেও পুলিশের দাবি ক্যামেরার ‘ভয়ে’ অপরাধ কমেছে।
গুলশান থানা এলাকায় গত ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি কার্যক্রম শুরু হয়। গুলশান, বারিধারা ও নিকেতন সমিতির অর্থায়নে প্রাথমিকভাবে বসানো হয়েছে ১০০টি ক্যামেরা। এগুলো গুলশান থানায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে নজরদারি করা হয়। পর্যায়ক্রমে আরও ৫০০ ক্যামেরা বসানোর কথা রয়েছে।
গুলশান থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগগুলোতে লোহার খুঁটি বসিয়ে এই ক্যামেরা লাগানো হয়েছে। একটি খুঁটিতে দুটি, কোথাও চারটি থেকে ছয়টি পর্যন্ত ক্যামেরা লাগানো রয়েছে। ওই খুঁটিতেই ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) বক্স রয়েছে। ক্যামেরাগুলোর ছবি ঝকঝকে, রাতেও এগুলো ছবি তুলতে সক্ষম।
পুলিশ জানায়, গুলশান এলাকাকেন্দ্রিক ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ের ক্যামেরাগুলো বসানো হয়েছে। গুলশান, বারিধারা ও নিকেতন সমিতিকে ওই টাকা দিয়েছেন দাতারা। তবে এর জন্য গুলশানের সাধারণ বাসিন্দাদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। এলাকাভিত্তিক সমিতিগুলোই ক্যামেরা দেখভাল ও রক্ষণাবেক্ষণ করছে। পুলিশের কাজ শুধু এগুলোর মাধ্যমে নজরদারি করা।
কর্মকর্তারা দাবি করছেন, নিবিড় নজরদারি চলছে। আর ক্যামেরার আওতায় কোনো ঘটনা ঘটলে দিন-তারিখ মিলিয়ে সংশ্লিষ্ট এলাকার ফুটেজ বের করা যায়, যা পরে অপরাধের প্রমাণ হিসেবেও ব্যবহার করা যাবে। এর মধ্যেই কয়েকটি ক্যামেরা নিয়ন্ত্রণকক্ষে ছবি না পাঠানোয় সেগুলো মেরামতের কাজ চলছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ক্যামেরা দিয়ে নিয়মিত নজরদারি চলছে। এর সুফলও তাঁরা পাচ্ছেন হাতেনাতে। তিনি দাবি করেন ক্যামেরার ভয়ে অপরাধ অনেক কমেছে।
গুলশান ২ নম্বর ও ১ নম্বরে সড়কের আশপাশের তিনটি ভবনে নিরাপত্তায় কাজ করে এমন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর ও শাহ আলম জানান, যেসব ভবনে তাঁরা নিরাপত্তা দেন তার প্রতিটির পার্কিংয়ে, ভেতরে ও ফটকে ক্যামেরা লাগানো রয়েছে। এলাকায় ক্যামেরা লাগিয়েছে পুলিশ এমনটা তাঁরা শুনেছেন। তবে তা দিয়ে কোথায় নজরদারি করা হয় তার কিছুই জানেন না তাঁরা। এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা বা সাধারণ ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হয়েছেও বলে তাঁরা মনে করেন না।
তবে গুলশান থানার কর্মকর্তাদের দাবি, এই এলাকায় এখন ছিনতাই, গাড়ি চুরি, সজোরে গাড়ি বা মোটরসাইকেল চালানোর মতো অপরাধ ক্যামেরার ভয়ে বেশ কমেছে।
কর্মকর্তারা জানান, ক্যামেরাগুলো যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত করতে পরে। অর্থাৎ কোনো বিশেষ গাড়ির নম্বর কালো তালিকাভুক্ত করে রাখলে সেই গাড়ি ক্যামেরার আওতায় আসামাত্রই নিয়ন্ত্রণকক্ষে সংকেত বেজে উঠবে। তবে এখন পর্যন্ত ক্যামেরা ব্যবহার করে কোনো গাড়ি শনাক্তের কথা জানাতে পারেননি কর্মকর্তারা।