গুলশানে মাঠের জন্য জায়গা হস্তান্তর
গুলশানে আধুনিক খেলার মাঠ ও ব্যায়ামাগার নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ১০ বিঘার বেশি জায়গা হস্তান্তর করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন৷
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই জমি হস্তান্তর করা হয়৷ এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে হস্তান্তরে অংশগ্রহণ করেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ৷
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ঢাকার বুকে পর্যাপ্ত খেলার মাঠ ও ফাঁকা জায়গা নেই৷ তাই শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে খেলার মাঠ ও মুক্ত আকাশ দরকার৷ এই বিবেচনা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুলশানে খেলার মাঠ ও ব্যায়ামাগার নির্মাণ করা হবে৷
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি