গুলশানে মিনিবাস উল্টে আহত পাঁচ পুলিশ
রাজধানীর গুলশানে গতকাল সোমবার রাতে মিনিবাস উল্টে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলশান এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরছিলেন তাঁরা।
আহত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল আফসার উদ্দিন ও আবদুল কুদ্দুসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা জানান, গুলশান এলাকায় দায়িত্ব পালন শেষে তাঁরা রিকুইজিশন করা ওই মিনিবাসে করে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে সেটি গুলশান ২ নম্বরের সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলে তাঁরা হতাহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহত পুলিশ সদস্যদের প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত দুই কনস্টেবলকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।