গুলশানে যানজট কমাতে মোড়ে ইউটার্ন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজট কমাতে গুলশান এক নম্বরের মোড়ে ডান পাশে ইউটার্ন বন্ধ করতে দড়ি দিয়ে এভাবেই সড়কের ওই অংশ বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার তোলা ছবি।  প্রথম আলো
যানজট কমাতে গুলশান এক নম্বরের মোড়ে ডান পাশে ইউটার্ন বন্ধ করতে দড়ি দিয়ে এভাবেই সড়কের ওই অংশ বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার তোলা ছবি। প্রথম আলো

গুলশান ১ নম্বর মোড়ে চারটি সড়কের গাড়ি পারাপার হয়। গোলচত্বর নামে পরিচিত এই চার সড়কের সংযুক্ত স্থানটিকে সম্প্রতি পৃথক পৃথক লেনে বিভক্ত করা হয়েছে। এই মোড়সংযুক্ত সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকে। এ কারণে যানজট কমাতে প্রতিটি সড়কের ডান পাশে গাড়ির মোড় নেওয়া (ইউটার্ন) বন্ধ করা হয়েছে। গাড়িচালকদের এই নিয়ম মানাতে আপাতত সংকেত অনুসারে সড়কের ডান পাশের মোড়গুলোতে দড়ি টানিয়ে রাখা হচ্ছে।

গুলশান ১ নম্বরের চৌরাস্তার সংযোগস্থলের উত্তরে গুলশান ২ নম্বর, দক্ষিণে পুলিশ প্লাজা, পূর্বে বাড্ডা ও পশ্চিমে মহাখালী। পারাপারের জন্য সবুজ সংকেত পেতে এই মোড়ে এসে প্রতিটি সড়কে লম্বা সময় ধরে গাড়ি থেমে থাকে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, বাড্ডা থেকে মহাখালীগামী গাড়ির সবুজ সংকেত বন্ধের পর উত্তর-দক্ষিণে একটি দড়ি টেনে রাস্তা বন্ধ করে দিচ্ছেন দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ। গাড়িগুলো ডানে মোড় নিতে পারে না। তবে মোড়ে দড়ি দিয়ে রাস্তা বন্ধ করায় গাড়ি যেতে না পারলেও অনেক পথচারীকে জেব্রা ক্রসিংয়ে রাস্তা পার না হয়ে দড়ি ডিঙিয়ে সড়ক পার হতে দেখা যায়।

গুলশান ১ নম্বরের মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ বলেন, দড়ি দিয়ে ইউটার্ন বন্ধ রাখতে ট্রাফিক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে। গুলশানের উত্তর থেকে দক্ষিণের রাস্তায় বেশি যানজট। এ ছাড়া এই রাস্তার মোড়ে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ মোড় দিয়ে পূর্ব থেকে পশ্চিমে গাড়ি ইউটার্ন করালে এক লাইনে গাড়ির জট আরও বেড়ে যায়। এর বদলে গুলশান ২ নম্বরের দিকে ২৩ নম্বর সড়কের মোড়ে ও পুলিশ প্লাজার দিকে ১৩৮ নম্বর সড়কে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। ১ নম্বরের মোড়ে ইউটার্ন বন্ধ করায় গাড়ি নিয়ন্ত্রণে সুবিধা হচ্ছে বলে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের কাছ থেকে জানা যায়।

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, দড়ি দিয়ে সাময়িকভাবে, বিশেষ করে দিনে ব্যস্ত সময়ে এই রাস্তা বন্ধ করা হয়। রাতের বেলায় ও সাপ্তাহিক ছুটির দিনে গাড়ির চাপ কম থাকে। সে সময় দড়ি ব্যবহৃত হয় না।

গুলশান ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার জুনায়েদ আলম সরকার বলেন, গুলশান ১ নম্বর মোড়ে ইউটার্ন বন্ধ করতে দড়ি ব্যবহার করা হচ্ছে। কারণ, উত্তর থেকে দক্ষিণে গাড়ির চাপ বেশি থাকে। এ পথে প্রায় ৭৫ শতাংশ গাড়ি চলাচল করে। আর পুলিশ প্লাজা থেকে মহাখালীর দিকে যায় ১৫-২০ শতাংশ গাড়ি। বাড্ডার দিকে যায় ৫ শতাংশ গাড়ি। এই মোড়ে গাড়ির চারটা সংকেত চলে বলে সময় বেশি লাগে। তবে যাদের ডানে মোড় নেওয়া দরকার হয়, তারা কিছুটা সামনে গিয়ে মোড় নিতে পারে। এতে যানজট কিছুটা কমে।