গুলশানে যুবলীগের নেতা খুন, আটক ৬
রাজধানীর গুলশান-১ নম্বরে যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব-১। তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সিদ্দিকী, সুজন, রাশেদ মাহমুদ, সাইফুল ইসলাম, তুহিনুর রহমান ও সৈয়দ মুশতাক আলী। র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত জানান, আজ সকালে ওই ছয়জনকে আটক করে র্যাব-১ কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে খুন হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান। গত রাত একটার দিকে গুলশান-১ নম্বরের ১২৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রিয়াজউদ্দিন ওই রোডে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে আরও কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিয়াজকে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘অভ্যন্তরীণ কোনো কোন্দলের কথা আমার জানা নেই। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তারাই প্রকৃত ঘটনা উদ্ধার করবে। আমরা এখন শোকে মুহ্যমান। এ বিষয়ে পরে কথা বলব।’