গুলশানে সন্ত্রাসী হামলা: মামলায় যা বলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জিম্মি উদ্ধার অভিযানে নিহত মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিরবাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ও সাইফুল ইসলাম চৌকিদার।

মামলায় উল্লেখ করা হয়েছে, ছয়জনের মধ্যে প্রথম পাঁচজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সাইফুল ইসলাম ওই রেস্তোরাঁর কর্মী হলেও হামলাকারীদের সহায়তা করেছিলেন।

ঘটনার তিন দিনের মাথায় গত সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলা দায়ের করা হয়। হামলাকারী ছয়জন ছাড়া আর কাউকে এ মামলায় আসামি করা হয়নি।

মামলায় বলা হয়েছে, জীবিত বা জিম্মি দশা থেকে যাঁরা মুক্তি পেয়েছেন, তাঁরাও এ ঘটনায় জড়িত কি না, তা-ও যাচাই-বাছাই করা হচ্ছে। ওই ঘটনায় মোট ৩২ জন আহত হন। তাঁদের মধ্যে একজন গাড়িচালক ও একজন আনসার সদস্য ছাড়াও বাকি সবাই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য।

মামলায় বলা হয়েছে, অভিযানে জিম্মি দশা থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে জিম্মি উদ্ধার অভিযানের আগে ১৯ জন এবং পরে ১৩ জন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে দুজন করে ইতালি ও শ্রীলঙ্কার, একজন জাপানি এবং বাকিরা রেস্তোরাঁর এ দেশীয় কর্মী এবং খদ্দের।