গুলশানে সন্ত্রাসী হামলায় ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন
গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে ব্রিটিশ পার্লামেন্টে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের পররাষ্ট্রবিষয়ক নিয়মিত অধিবেশনে বিরোধী দল লেবার পার্টির এমপি ফেবিয়ান হ্যামিলটন এ নিয়ে প্রশ্ন তোলেন।
ফেবিয়ান হ্যামিলটন বলেন, নিরাপত্তা ভেদ করে সন্ত্রাসীরা ঢাকার কূটনৈতিক পাড়ায় কীভাবে বীভৎস হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হলো? তিনি জানতে চান, যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে কি না।
জবাবে বাংলাদেশবিষয়ক দায়িত্বে থাকা পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, ১ জুলাই ওই ভয়াবহ সন্ত্রাসী হামলার পরদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এরপর তিনি নিজে গত ৫ জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন। সোয়ার প্রশ্নের জবাব দেওয়ার সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড তাঁর পাশে বসে ছিলেন।
গতকালের অধিবেশনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আরও তিন এমপি বাংলাদেশের মানবাধিকার, ধর্মীয় উগ্রবাদ, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের নিপীড়ন, গুম, খুন এবং মত প্রকাশের স্বাধীনতা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান জানতে চান, ধর্মীয় উগ্রবাদ প্রভাবিত হত্যাকাণ্ড যেকোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তা বাংলাদেশ সরকারকে জানাতে যুক্তরাজ্য কী পদক্ষেপ নিয়েছে? বিএনপি নেতাদের ওপর ‘সরকারি নিপীড়ন’ ও গুম-খুনের চিত্র তুলে ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন ক্ষমতাসীন দলের আরেক এমপি এন্ড্রু স্টিফেনসন।
জবাবে প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের সঙ্গে যুক্তরাজ্য সরকার গভীর যোগাযোগ রাখছে। নাজুক মানবাধিকার পরিস্থিতির কারণেই যুক্তরাজ্য বাংলাদেশকে মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এমন ৩০টি দেশের তালিকায় রেখেছে। তিনি বলেন, সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সদনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে এ-সংক্রান্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।