গুলশানে সিম্ফনি ভবনে আগুন
রাজধানীর গুলশানের সিম্ফনি ভবনে গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর মেলেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আটতলা ভবনের চতুর্থ তলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভবনের কাচ ভেঙে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, তেজগাঁও স্টেশন ও বারিধারার ছয়টি ইউনিট। এই ভবনের চতুর্থ তলায় প্যাসিফিক গ্রুপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মূল কার্যালয়। এই কার্যালয়েই রাত ১১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে এসে প্রথমে আগুনের উৎস খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। আগুনে চতুর্থ তলায় কার্পেট, আসবাব ও কাগজপত্র পুড়ে যাওয়ায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। একপর্যায়ে আগুনের উৎস খুঁজে পাওয়ার পর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।’