গুলশানে সড়কে চলছে 'চালক শ্রমিকদের' অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবারও গুলশান-২ নম্বর গোলচত্বরে অব্যাহত ছিল অবস্থান কর্মসূচি। ‘সম্মিলিত গাড়িচালক ও শ্রমিকবৃন্দ’ ব্যানারে অর্ধশতাধিক লোক গত বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন।
পুলিশ বলছে, কোনো অনুমতি ছাড়াই চলছে এই কমর্সূচি। বারবার বলা সত্ত্বেও তা সরানো যাচ্ছে না।
তবে গতকাল রাত নয়টা ২০ মিনিটের দিকে অবস্থানের পাশে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে অবস্থানকারীরা পিছু হটে গেলেও কিছুক্ষণ পর আবার অবস্থান নেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় সেখানে সাংবাদিক, পুলিশ ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া আর তেমন কেউ ছিলেন না। কার্যালয়ের ফটকের পাশে বসে ছিল কয়েকজন পুলিশ। ঢোকার মুখে খাতা নিয়ে বসে আছে কয়েকজন। কার্যালয়ে কেউ ঢুকলে খাতায় লেখা হচ্ছে নাম-ঠিকানাসহ বিস্তারিত সব তথ্য।
আর কার্যালয় থেকে কিছুটা দূরে গুলশান ২ নম্বর গোলচত্বরের একপাশে সড়কের ওপর অবস্থান নিয়ে চলছিল অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত সবাই ছিলেন কাফনের কাপড় পরা। তাতে লেখা ছিল, হরতাল-অবরোধ প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবি। একই দাবিতে ব্যানার-ফেস্টুনও টানানো হয়েছে আশপাশে। পাশে রাখা হয়েছে পোড়া একটি গাড়ি। অবস্থান কর্মসূচিতে সারাক্ষণই চলছিল গান। মাঝেমধ্যে কেউ বক্তব্য দিয়ে খালেদা জিয়ার প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ খালেদা জিয়াকে উদ্দেশ করে কিছু গানকে প্যারোডি আকারেও উপস্থাপন করছেন।
এই অবস্থান কর্মসূচিতে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা গাড়িচালক ও শ্রমিকেরা মিলে খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সেখানে মুঠোফোনের নেটওয়ার্কের সমস্যা থাকায় গোলচত্বরে অবস্থান নিয়েছেন।
কর্মসূচির আহ্বায়ক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘হরতাল-অবরোধে আমাদের গাড়ি ও চালকদের ওপরই হামলা হচ্ছে। আমরা নিরাপদে গাড়ি চালাতে চাই।’
কর্মসূচির পাশে একটি ছোট ট্রাকে বেশ কয়েকটি কম্বল দেখা যায়। দুপুরের দিকে আসে খাবারের প্যাকেট। জানতে চাইলে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন জানান, গত বৃহস্পতিবার ট্রাকের এক মালিক তাঁদের জন্য খাবার সরবরাহ করেছেন। গতকাল তাঁরা নিজেরাই চাঁদা তুলে খাবার খেয়েছেন। আর রাতে থাকার জন্য কম্বলগুলো তাঁদের পরিবহনের লোকজনই ব্যবস্থা করেছেন।
গোলচত্বরে সড়কের একপাশে অবস্থান কর্মসূচি চলায় ওই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, এ ধরনের কর্মসূচির জন্য পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি।
জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁদের সরে যাওয়ার জন্য বলেছি। আশা করি, কালকের মধ্যে (আজ শনিবার) সুরাহা হবে।’
‘আসল বিএনপি’কে ‘আসল’ মনে করে উত্তেজনা: দুপুর সাড়ে ১২টা। হঠাৎ গোলচত্বরের আরেক পাশে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে ২০-২৫ জনের একটি মিছিল অবস্থান নেয়। এমন স্লোগানে ‘চালক-শ্রমিকদের’ কয়েকজন উত্তেজিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ আটকে দেয়। চালক-শ্রমিকেরা জানতে পারেন, স্লোগান দেওয়ার ব্যক্তিরা খালেদা জিয়ার বিরুদ্ধে সদ্য ঘোষিত ‘আসল বিএনপি’র লোকজন। এরপর পরিস্থিতি শান্ত হয়। অন্যদিকে ‘আসল বিএনপি’র লোকজন প্রায় আধা ঘণ্টা তাঁদের অবস্থান কর্মসূচি পালন করে চলে যান।
খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগ দাবি করে ‘আসল বিএনপি’র একজন বক্তব্যও দেন। বক্তব্যের মাঝে স্লোগানের সময় এক কর্মী বলে ওঠেন ‘জয় বাংলা’।