গুলশানে হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী রিমান্ডে
গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গাইবান্ধার পল্লিচিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। সোমবার দুপুরে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সিআইডি পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করেছেন।
সোমবার বিকেলে মুঠোফোনে গাইবান্ধা সিআইডি পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের পল্লিচিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি আরও বলেন, ২০১৫ সালের ২ জুন মনোহরপুর গ্রামের পল্লিচিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি খুন হন। ওই দিনই পলাশবাড়ী থানায় হত্যা মামলা করা হয়। পরবর্তী সময়ে এই মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পাশের সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের রাঘবপুর ভূতমারা (চকদাতেয়া) গ্রামে। মালঞ্চা গ্রামের মৃত ওসমান মুনশির ছেলে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী।
গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব গান্ধী গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। পুলিশের অভিযানে নিহত জঙ্গিনেতা তামিম চৌধুরী ও নুরুল ইসলাম ওরফে মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি, টাঙ্গাইলের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার, পাবনার পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলী, কুষ্টিয়ার চিকিৎসক সানাউর, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ ২২টি হত্যার ঘটনায় তিনি অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
এ ছাড়া গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং গত ২৫ মে সকালে একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যা মামলার আসামি। এই দুই হত্যা মামলার অভিযোগপত্রে জাহাঙ্গীরের নাম আছে।