গুলশানে হামলার মামলায় চারজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় চারজন প্রত্যক্ষদর্শী আজ রোববার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার পৃথক চারজন মহানগর হাকিম তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি দেওয়া চার প্রত্যক্ষদর্শী সাক্ষী হলেন ওই বেকারির ক্যাশিয়ার আল আমিন চৌধুরী ওরফে সেজান, বেকারির কর্মকর্তা মিরাজ হোসেন, রাসেল মাসুদ এবং মেট্রোরেল প্রকল্পের গাড়িচালক রাশেদ সরদার।
নাম প্রকাশ না করার শর্তে আদালত পুলিশের একজন সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আরও দুজন প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দেন। ২৬ জুলাই ভারতীয় নাগরিক সত্যপ্রকাশ এবং হলি আর্টিজানের পাচক শাহীন জবানবন্দি দিয়েছেন।
গুলশানে হামলার দুই দিন পর ৪ জুলাই সন্ত্রাস দমন আইনে গুলশান থানায় একটি মামলা হয়। গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জিম্মি উদ্ধার অভিযানে নিহত মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ও সাইফুল ইসলাম চৌকিদার।
মামলায় উল্লেখ করা হয়েছে, ছয়জনের মধ্যে প্রথম পাঁচজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সাইফুল ইসলাম ওই রেস্তোরাঁর কর্মী। সাইফুল হামলাকারীদের সহায়তা করেছিলেন।
ঘটনার তিন দিনের মাথায় ৪ জুলাই সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলা করা হয়।
মামলায় বলা হয়েছে, অভিযানে জিম্মিদশা থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে জিম্মি উদ্ধার অভিযানের আগে ১৯ জন এবং পরে ১৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে দুজন করে ইতালি ও শ্রীলঙ্কার, একজন জাপানি এবং বাকিরা রেস্তোরাঁর এ দেশীয় কর্মী ও খদ্দের।