গুলশানে হামলার হোতাদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার নেপথ্য হোতাদের চিহ্নিত করা হয়েছে। এই হোতাদের গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার।

ডিএমপি কমিশনার বলেন, ‘হলি আর্টিজান বেকারিতে কীভাবে হামলা হয়েছে, কারা করেছে এবং হামলাকারীদের নেপথ্যের হোতা কারা, সে বিষয়টি এখন আমাদের কাছে পরিষ্কার।’ তিনি বলেন, ‘পুলিশ এ হামলার ঘটনায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ হামলার সঙ্গে সম্পৃক্ত সব সন্ত্রাসী ও তাদের নেপথ্য হোতাদের শিগগিরই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। গ্রেপ্তারের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।’
আছাদুজ্জামান মিয়া আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির সদর দপ্তরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
হলি আর্টিজানে হামলার ঘটনার ২২ দিন পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার আজ সাংবাদিকদের সামনে খোলামেলা আলাপ করেন। তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সব মিলিয়ে আমরা বলতে পারি, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।’
এ সময় ডিএমপি কমিশনার উল্লেখ করেন, পুলিশের কাজকর্মে যারা নাখোশ, তাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততা আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, গুলশান হামলার পর যারা বারবার হামলার গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
পবিত্র কোরআনের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিযোগ করে আছাদুজ্জামান মিয়া গুলশান হামলাকে আন্তর্জাতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জঙ্গি–সংশ্লিষ্টতার একটা আন্তর্জাতিক মিডিয়া কানেকশন তৈরি হয়েছে। কিছু হলেই সাইট ইনটেলিজেন্স সংবাদ পরিবেশন করছে। এটিও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
আজকের ব্রিফিংয়েও সন্ত্রাস দমনে নাগরিকদের সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের ওপর আস্থা রাখুন। যে ধরনের সহযোগিতা করছেন, তাতে আমরা উৎসাহিত।’
গুলশান হামলার মতো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য ক্লোজ মনিটরিং চলছে বলে ডিএমপি কমিশনার উল্লেখ করেন।
ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।