গুলশানের ওই সড়কে নতুন ধসের আশঙ্কা নেই: রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-২ অ্যাভিনিউর ধসে পড়া সড়কে নতুন করে ধসের আশঙ্কা নেই। ভাঙা অংশের পাশের বহুতল ভবনটিও ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক জানায়, রাস্তা ধসে পড়ার কারণে সৃষ্ট প্রায় ১৫ ফুট গভীর গর্তটির অন্তত ৭০ শতাংশ ভরাট করা হয়েছে। ওই গর্ত ছাড়াও আশপাশে গতকাল শনিবার বিকেল পর্যন্ত ১০০ ট্রাক মাটি ফেলা হয়েছে।
গত শুক্রবার ভোরের দিকে গুলশান-২ নম্বর অ্যাভিনিউর ৫৫ নম্বর সড়কে ২৯ নম্বর বাড়ির সামনের রাস্তা ধসে পড়ে। লেক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সেখানে পানি সেচ ও বর্জ্য তোলা হয়েছিল। এর ফলে লেকের ওই অংশের গভীরতা বেড়ে যায়। এ ছাড়া জোরদার ঘেরা না দেওয়ায় দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও দায়িত্বশীল কর্মকর্তারা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মালিকানাধীন ২৯ নম্বর বাড়িটি বর্তমানে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন রাজউকের সদস্য (উন্নয়ন) আবদুর রহমান। গতকাল শনিবার রাত নয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনাস্থল থেকে তিনি প্রথম আলোকে বলেন, লেকে পানিশূন্যতার কারণে রাস্তা ধসে পড়েছিল। তাই গতকাল লেকে পাইপের মাধ্যমে প্রচুর পানি দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আজ রোববার আরও বেশ কয়েক ট্রাক মাটি ফেলার পর আগামীকাল সোমবার ৫৫ নম্বর সড়ক দিয়ে যান চলাচল শুরু করা যাবে।