গুলশানের ঘটনা দেশের জন্য বড় ধাক্কা: ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনাকে দেশের জন্য বড় রকমের ধাক্কা বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জাতির যে ক্ষতি হয়ে গেল তা সামান্য নয়। যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা তো একটা ঘটনা দিয়ে শেষ হবে না। এর হয়তো বহু রকমফের আমরা দেখব। আল্লাহ না দেখাক। এই দুঃস্বপ্ন তাড়া করতে থাকবে। দেশের সব নাগরিক যদি সচেতন না হয়ে দাঁড়ায়, তাহলে এর থেকে রক্ষা নেই।’
গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সামাজিক ব্যবসা কেন্দ্র লিমিটেড ও ‘নোবেলজয়ী ইউনূস সুহৃদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ২৮ ও ২৯ জুলাই ঢাকায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু গুলশানে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয়েছে।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এখন পরস্পরকে দোষারোপ করছি। কিন্তু দোষারোপ করে ওখানে নিষ্পত্তি করে ফেলতে হবে, যে ভয়াবহতার মধ্যে আছি, এর মূলোৎপাটন করে ফেলতে হবে। এটা যদি আমাদের শিক্ষাব্যবস্থা, পারিবারিক পরিস্থিতি ও রাজনৈতিক কারণে হয়ে থাকে, এখান থেকে আমাদের উদ্ধার হতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।