গুলশানের ডিসিকে হাজিরা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবিরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তবে সহকারী কমিশনারসহ অপর চার কর্মকর্তাকে আগামীকাল বুধবার আবার আদালতে যেতে হবে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। আদালতের নির্দেশনা অনুসারে গতকাল দ্বিতীয় দিনের মতো পুলিশের এই পাঁচ কর্মকর্তা আদালতে হাজির হন। অন্য চার কর্মকর্তা হলেন সহকারী কমিশনার আশরাফুল আজিম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমান।গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি ওই ঘটনায় পুলিশ কর্মকর্তার ভূমিকার ব্যাখ্যা জানাতে তাঁদের ১৬ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন। ওই দিন আদালত গতকাল তাঁদের হাজির হতে বলেন। এ অনুসারে গতকাল সকালে আদালতে হাজির হন পাঁচ কর্মকর্তা। শুনানিকালে এজলাসকক্ষে তাঁরা দাঁড়িয়ে ছিলেন। আদালতে আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম ও তানিয়া আমীর বক্তব্য দেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। দুই উপপরিদর্শকের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন। শুনানিকালে রাকিবের বাবা মোস্তাক হোসেন ও মা সিমিন হোসেন রিমি আদালতে উপস্থিত ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার দৃষ্টান্ত তুলে ধরে শুনানিতে ড. কামাল হোসেন বলেন, এ ধরনের পুলিশি নিষ্ঠুরতার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর সংবিধান মানুষের অধিকার রক্ষার স্বার্থে সব ব্যবস্থা রেখেছে। পুলিশ ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তার করতে পারলেও এর পেছনে যথেষ্ট যুক্তি থাকতে হবে। কারও গায়ে হাত তোলার ক্ষমতা কোনো পুলিশের নেই। আটকের পর ব্যক্তিকে অবশ্য জানাতে হবে, তার বিরুদ্ধে কী অভিযোগ। তার সঙ্গে সভ্য ও শালীন আচরণ করতে হবে। পুলিশকে জানতে হবে তারাও সমানভাবে আইনের আওতাভুক্ত।