গুলশানের ডিসিসি মার্কেটে ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর
রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার ডিসিসি মার্কেটে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভাঙচুরের কারণ হিসেবে তিন ধরনের তথ্য পাওয়া গেছে।স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যার দিকে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে ডিসিসি মার্কেটে ঢুকে পড়েন। তাঁরা মার্কেটের অন্তত সাতটি দোকানে ব্যাপক ভাঙচুর চালান এবং দোকানের বিভিন্ন মালামাল ও আসবাব তছনছ করেন। কিছুক্ষণ এভাবে তাণ্ডব চালিয়ে তাঁরা দ্রুত চলে যান। ঘটনার সময় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের জানান, চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।তবে গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, ঢাকা মহানগর উত্তর জেলা শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের ব্যক্তিগত গাড়িটি চালক ওই মার্কেটের সামনে পার্ক করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে কয়েকজন যুবক মার্কেটে ভাঙচুর চালান। ঘটনার সময় রবিউল ছিলেন কি না নিশ্চিত হওয়া যায়নি। আর রবিউল প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের গুলশান থানা শাখার কর্মীরা ওই মার্কেটের সামনে আমের দোকান দিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ীরা তা ভাঙচুর করেন। এতে ওই কর্মীরা মার্কেটে ভাঙচুর করেছেন।’ গাড়ি পার্ক করা নিয়ে বাগিবতণ্ডা বা চাঁদা দাবির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ভাঙচুরের কারণে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরকারী হিসেবে ছাত্রলীগের কর্মীদের কথা শোনা গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’