গুলশানের নন্দন মেগাশপ সরিয়ে নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী গুলশানের নন্দন মেগাশপ আগামী ২৫ আগস্টের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরিয়ে নেওয়াসংক্রান্ত প্রতিবেদন ২৬ আগস্টের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নন্দন কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জানা যায়, গুলশান কামাল আতাতুর্ক এভিনিয়ের এনডব্লিউ (জে) ০৪ নম্বর প্লটে নন্দন মেগাশপটি রয়েছে। প্লটটির মালিক থেকে নন্দন কর্তৃপক্ষ তা ভাড়া নেয়। তবে বাণিজ্যিক অনুমোদন না থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত ডিসেম্বর ওখানকার অনুমোদিত স্থাপনা সরিয়ে দেওয়ার নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে নন্দন কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করলে নোটিশের কার্যকরতা স্থগিত হয়। পরে মালিকপক্ষের করা এক আবেদনে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এ প্রেক্ষাপটে রাজউকের নোটিশের ভিত্তিতে কার্যক্রম শুরু করতে গেলে ৩ আগস্ট নন্দন কর্তৃপক্ষ তাদের পণ্যদ্রব্য সরিয়ে নিয়ে সময় চেয়ে আবেদন করে। গতকাল আদালত তিন সপ্তাহ সময় মঞ্জুর করেন।