
দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী সরকারদলীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী হলফনামায় গুলশানে নির্মাণাধীন বহুতল ভবনটির উল্লেখ করেননি। নকশা অনুমোদন হওয়ার প্রায় ছয় মাস আগেই তিনি ওই ভবনের নির্মাণকাজ শুরু করেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে নিকুঞ্জে পাওয়া তিন কাঠার প্লট বেআইনিভাবে পাঁচ কাঠা নয় ছটাক ১০ বর্গফুট করান। এ জন্য ফজলে করিম চৌধুরী জমির দাম দিয়েছেন ৫৫ লাখ ৭৬ হাজার ৩৮৯ টাকা। যদিও বাড়তি জমির বাজারমূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এ-সংক্রান্ত কোনো তথ্যই হলফনামায় নেই।
যোগাযোগ করা হলে ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, বাড়িটির নির্মাণকাজ যখন শেষ হবে, তখন হিসাব দেওয়া হবে। আগে দেওয়ার কী আছে?
হলফনামায় যা আছে: হলফনামা অনুসারে ফজলে করিম চৌধুরীর আড়াই কোটি টাকার চা-বাগান ও মৎস্য খামার রয়েছে। আর অকৃষি জমি আছে এক কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকার। ২০০৮ সালে দেওয়া হলফনামায় এর কোনো উল্লেখই ছিল না। ওই সময়ের হলফনামায় ফজলে করিম চৌধুরীর যৌথ মালিকানায় ১০ লাখ টাকা মূল্যের পৈতৃক দ্বিতল আবাসিক ভবনের উল্লেখ ছিল। এবারের হলফনামায় ওই ভবন ছাড়াও রাউজানের গহিরায় এফ কে টাওয়ারের কথা উল্লেখ করেছেন, যার মূল্য ৯৫ লাখ ২৮৬ টাকা।
পাঁচ বছর আগের হলফনামা অনুযায়ী ফজলে করিমের দুটি মোটরগাড়ি আছে, যার মূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা। আর এবার দাম উল্লেখ করা হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার টাকা। অকৃষি জমি আগে ছিল নিজ নামে ২৫ লাখ ৫৫ হাজার ৯৭৫ টাকার, এবার একই পরিমাণ জমির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৬৯০ টাকা।
ফজলে করিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পুরো পরিবারের সব মিলিয়ে সাত-আট কোটি টাকার বেশি সম্পদ হবে না। কেন শুধু শুধু আমাদের ওপর লাগছেন? আমি যা করেছি, সব বৈধভাবে করেছি। আমি কোনো অন্যায় করিনি।’
গুলশানের বহুতল ভবন: ফজলে করিম চৌধুরী গুলশান লেকের ধারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন ছাড়াই বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন চলতি বছরের জানুয়ারিতে। গৃহায়ণ ও গণপূর্তবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নকশা অনুমোদনের আগে প্রভাব খাটিয়ে তিনি নির্মাণকাজ শুরু করেন।
রাজউকের গুলশান এলাকার একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই ভবনটির নকশা অনুমোদন হয় গত আগস্টে। অনুমোদনের আগে কাজ শুরু করায় ফজলে করিম চৌধুরীর কাছ থেকে জরিমানা হিসেবে ১১ গুণ বেশি হারে অনুমোদন ফি নেওয়া হয়।
ফজলে করিম এ বিষয়ে বলেন, নকশা অনুমোদনের আগে নির্মাণকাজ শুরু করেননি। তাহলে ১১ গুণ জরিমানা নেওয়া হলো কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নেওয়া হয়েছে নাকি, আমি তো জানি না।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির তিনতলার ছাদ ঢালাইয়ের পর এখন চারতলার কাজ চলছে। নির্মাণ শ্রমিকেরা বলেন, এখানে দশতলা ভবন তৈরি হবে। যদিও সেখানে সাততলার নকশা অনুমোদন করা হয়েছে।
বাজারমূল্যে বিক্রি হয়নি: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়ম করা হয়েছিল, অন্য কোনো আবাসিক প্রকল্প থেকে গুলশান-বনানীর মতো এলাকায় প্লট পরিবর্তন করতে হলে অতিরিক্ত জমি কিনতে হবে বাজারমূল্যে। বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানে (ডেভেলপার) খোঁজ নিয়ে জানা যায়, গুলশানে অতিরিক্ত ২ দশমিক ৫৭ কাঠা জমির ন্যূনতম দর হবে প্রায় ১২ কোটি টাকা। কিন্তু ফজলে করিমকে পুরো প্লটের জন্য দিতে হয়েছে মাত্র ৫৫ লাখ ৭৬ হাজার ৩৮৯ টাকা। প্রতি কাঠা ১০ লাখ টাকা হিসাবে।
ফজলে করিম এ বিষয়ে বলেন, গুলশানে প্লটের জন্য তিনি ১৯৯৬ সালে আবেদন করেছিলেন। সে আবেদনে প্লট পাননি। তবে নিকুঞ্জে প্লট পেলেও তিনি প্লট পরিবর্তনের চিঠিতে গুলশানের জন্য আবেদন করেছিলেন। গুলশানে প্লট দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। তাই বাড়তি টাকা দেওয়ার কথা নয়।
রাজউকের খরচে উন্নয়ন: ফজলে করিমের বাড়িতে যাতায়াতের জন্য রাজউক প্রায় ২০ লাখ টাকা খরচ করে একটি পাকা রাস্তা তৈরি করে দিয়েছে। সেখানে রাজউকের নিজস্ব স্টিমরোলার ব্যবহার হয়েছে। লেকপাড় না ভাঙার জন্য নিরাপত্তাবেষ্টনী তৈরিতে আরও অর্থের প্রয়োজন হবে।
রাজউক সূত্রে জানা গেছে, ফজলে করিম চৌধুরী তাঁর প্লটের সামনের খালি জায়গায় বোটক্লাব (নৌকা ভ্রমণের জন্য) ও লেকের ধারে শান বাঁধানো ঘাট চেয়েছেন। ফজলে করিম প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি না বললেও এগুলো হবে। কারণ গুলশান লেক উন্নয়ন প্রকল্পের লে-আউট প্ল্যানে তাঁর নির্মাণাধীন বাড়ির সামনে এসব স্থাপনার উল্লেখ আছে।
তবে গুলশান-বারিধারা-বনানী লেক উন্নয়ন প্রকল্পের পরামর্শক কোম্পানি ভিত্তি স্থপতিদের প্রধান ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ‘ফজলে করিম চৌধুরী তাঁর বাড়ির সামনে আলাদা স্থাপনা যুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু উন্নয়ন প্রকল্পের লে-আউট প্ল্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আমরা রাজি হতে পারছি না বলে জানিয়েছি।’