গুলশানের বাড়ি হারাচ্ছেন মওদুদ আহমদ
আপিলের রায়ে হেরে গুলশানে দেড় বিঘা জমির ওপর বানানো বাড়িটি হারাচ্ছেন বিএনপির নেতা মওদুদ আহমদ। ওই বাড়ির মালিকানা তাঁর ভাইয়ের কাছে আর থাকছে না। গুলশানের ওই বাড়িতে সাড়ে তিন দশক ধরে বসবাস করছেন মওদুদ আহমদ।
মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে বাড়িটি নামজারি করতে এর আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন। গতকাল হাইকোর্টের সেই রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায়ের ফলে এখন থেকে মওদুদ আহমদ ওই বাড়িতে অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। আর মওদুদ আহমদ রায়ের প্রতিক্রিয়ায় বলেন, বিরোধী দলের রাজনীতি করার কারণে তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন।
তবে বাড়ি হারালেও আপিল বিভাগের রায় সাবেক এই আইনমন্ত্রী ও তাঁর ভাইকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে নিষ্কৃতি দিয়েছে। ওই বাড়ি দখলের অভিযোগে করা দুদকের মামলাটি বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।
আদালতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মওদুদের পক্ষে শুনানি করেন রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম মাহবুব উদ্দিন খোকন। মওদুদ আহমদ নিজেও শুনানিতে অংশ নেন।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গুলশানের বাড়িটির মালিকানা ছিল এক অস্ট্রিয়ান নারীর। মওদুদ আহমদ তাঁর ভাইয়ের পক্ষে দাবি করেন, অস্ট্রিয়ান নারীর সঙ্গে তাঁর ভাইয়ের চুক্তি হয়েছিল। তাঁর ভাই নিম্ন আদালতে মামলা করলে সেখানে তিনি হেরে যান। পরে হাইকোর্ট আপিল করলে হাইকোর্ট তাঁর ভাইয়ের নামে বাড়ির নামজারির ডিক্রি দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের রায়ের পরে আমি কাগজপত্র ঘেঁটে উদ্ধার করি, ওই বাড়িটি একজন অস্ট্রিয়ান মহিলার। তাঁর জন্ম ও মৃত্যুর সনদ আদালতে জমা দিয়ে দেখিয়েছি, মওদুদ আহমদের ভাই বাড়ি বিক্রির ব্যাপারে যে তারিখে চুক্তির কথা বলেন, তাঁর আগেই মহিলা মারা গেছেন।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘অস্ট্রিয়ান মহিলা ১৯৭৩ সালে মওদুদ আহমদকে বাড়িটি দেখভালের জন্য পাওয়ার অব অ্যাটর্নি দেন। ভাইয়ের নামে করা চুক্তিতেও ওই মহিলা নিজে সই করেননি। চুক্তি করেছেন কথিত এক অ্যাটর্নি।’
রায়ের পর মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের কেনা বাড়ি, সরকারি সম্পত্তি নয়। আমি যেহেতু বিরোধী দল করি, সে জন্য সরকার এত উদ্যোগ নিয়ে সাত বছর পর আপিল করেছে। ১৯৮১ সাল থেকে আমরা এই বাড়িতে বসবাস করছি। হাইকোর্টের ডিক্রি অনুযায়ী দলিল রেজিস্ট্রি করে এই বাড়ির মালিক আমার ভাই। আমি যদি রাজনীতি না করতাম, বিরোধী দলের নেতা না হতাম, তাহলে এই আপিলও হতো না।’
তবে রাজনৈতিক প্রতিহিংসায় মামলা করার অভিযোগ উড়িয়ে দিয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন, মওদুদ আহমদের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। এখানে রাজনৈতিক প্রতিহিংসার কিছু নেই।