গুলশানের বিপণিবিতান সন্ধ্যার পর সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটার চিত্র গুলশানে অন্য রকম। মহানগরের অন্যসব এলাকায় দিনের বেলায় মার্কেটগুলোতে এখন প্রচণ্ড ভিড়। বিক্রেতাদের দম ফেলার অবসর নেই। কিন্তু গুলশানের বিপণিকেন্দ্রগুলো দিনের বেলায় প্রায় ক্রেতাশূন্য। বিক্রেতারা বসে থাকেন হাতগুটিয়ে। কিন্তু দৃশ্যপট বদলে যায় ইফতারের পর। বিশেষ করে রাত আটটার পরে মার্কেট এলাকায় গাড়ির ভিড়ে পথে এগোনো কঠিন। ক্রেতাদের দরদাম, যাচাই-বাছাই, লেনদেনে সরগরম হয়ে ওঠে সারা দিনের মৌন বিপণিবিতানগুলো। গতকাল বৃহস্পতিবার দিনের বেলায় গুলশানের দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল নগণ্য। পিংক সিটি, স্টার ওয়ার্ল্ড, শপার্স ওয়ার্ল্ড, আলমাস সুপার শপ, গুলশান-১ ডিসিসি মার্কেট, জব্বার টাওয়ার—প্রায় সব জায়গায় একই অবস্থা। তবে ঘর সাজানোর জন্য সোফার কুশন বা ল্যাম্প পছন্দ করতে দেখা যায় অনেককে। গুলশান আড়ংয়ের ‘হাউসহোল্ড কর্নারে’ ভিড় ছিল প্রচুর। লোকজনের সমাগম ছিল টাচউডে। গুলশান-২-এর মোড়ে লাইটিং ওয়ার্ল্ড ও লিগাসিতে বিক্রেতারা ব্যস্ত ছিলেন বিভিন্ন ডিজাইনের ল্যাম্প বিক্রিতে। আড়াই হাজার টাকায় একটি স্ট্যান্ড ল্যাম্প কিনে খুশি মনে বাসায় ফিরছিলেন মিসেস রাতুল। তাঁদের লিভিংরুমের জন্য স্ট্যান্ডটি কিনেছেন বলে জানালেন তিনি।গুলশান পিংক সিটির শাহেদ চৌধুরী জানালেন, ক্রেতাদের কাছে পোশাকের দামের চেয়ে ডিজাইনই বেশি প্রাধান্য পাচ্ছে। তবে মধ্য ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা তাঁদের সাধ ও সাধ্যের সমন্বয় করেই পছন্দমাফিক কেনাকাটা করছেন। স্টাইল ওয়ার্ল্ডের কর্ণধার পলি জানান, এ বছর বেশি বিক্রি হচ্ছে পার্টি শাড়ি ও সালোয়ার-কামিজ। দাম পড়ছে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া শেরওয়ানি ধাঁচের সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে বেশি। এর দাম ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। শাড়ি বিক্রেতা মোহাম্মদ নূর জানালেন, এবার কাতান গ্রুপের শাড়ি বেশি চলছে। কাঞ্চিপুরম, গাদোয়াল, অপারা কাতান, চাঁদনী কাতান, নেটের কাজ করা ও সিমার শাড়ির কদর বেশি। পিংক সিটির আকর্ষণীয় পোশাক বাচ্চাদের ‘মাসাককালি’। দাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত। বাচ্চাদের শার্ট সেটের দাম এক হাজার ২০০ থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত। লেহেঙ্গার দাম ছয় থেকে সাত হাজার টাকা। এ ছাড়া ফ্যাশনেবল টি-শার্টের দাম এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে।শপার্স ওয়ার্ল্ডের সবশেষ ডিজাইনের পোশাকটিই লুফে নিতে চাইছেন ক্রেতারা। কোনোটির দামই পাঁচ হাজার টাকার নিচে নয়। অভিজাত পাড়ায়ও মধ্যবিত্তদের জন্য পসরা সাজিয়েছে গুলশান-১-এর ডিসিসি মার্কেট। ডিসিসি মার্কেটের বিক্রেতা শামসুল জানান, মহিলা ও বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। থ্রি-পিসের দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত এবং টি-শার্টের দাম সর্বোচ্চ দেড় হাজার টাকা। এখানে ছেলেদের বিভিন্ন ধরনের পোশাকের দাম ৩০০ থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত। গুলশানের বিভিন্ন এলাকায় রাস্তার দুই ধারে যেসব শোরুম স্থাপিত হয়েছে, সেখানেও সন্ধ্যার পর জমে ওঠে ক্রেতাদের ভিড়।