গুলশানের সেই বাড়িতে রাজউক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদ করার পর গুলশানের সেই বাড়িতে গেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোকজন। ওই বাড়িতে তাঁদের যাওয়ার কারণ অবশ্য জানা যায়নি।
আজ রোববার সকাল নয়টার দিকে রাজউকের লোকজন সেখানে যান।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) খান নুরুল ইসলামের ভাষ্য, রাজউকের সঙ্গে পুলিশের লোকজনও আছেন।
আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশান–২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ৭ জুন ছাড়তে হয় মওদুদ আহমদকে। রাজউকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
ওই সময় বাড়িটি নিয়ে কী করা হবে—জানতে চাইলে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন। আইনগতভাবেই বিষয়টি এগোবে বলে তিনি জানান।