গুলশানের ৯৪ নম্বর সড়কটি এখন যানজটমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ৯৪ নম্বর সড়কে অবস্থিত গালফ কো-অপারেশন কাউন্সিল অ্যাপ্রুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশনের (গামকা) কার্যালয়টির একটি অংশ স্থানান্তর করা হয়েছে। ফলে ৯৪ নম্বর সড়কটি এখন স্বাস্থ্যপরীক্ষার নিবন্ধন নিতে আসা মানুষের ভিড় ও যানজটমুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠান নিয়ে এলাকার মানুষের অভিযোগ ছিল অনেক দিনের।
মধ্যপ্রাচ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদের স্বাস্থ্যপরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সমন্বয়কারী সংস্থা হচ্ছে গামকা। গুলশান ২-এর ৯৪ নম্বর সড়কে গামকা প্রায় ১২ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানে যেতে আগ্রহী ব্যক্তিদের স্বাস্থ্যপরীক্ষার জন্য নিবন্ধনপত্র (মেডিকেল স্লিপ) নিতে হয় গামকার কার্যালয় থেকে। গামকার দেওয়া নিবন্ধনপত্র নিয়ে নির্ধারিত ২৬টি মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্যপরীক্ষা করাতে হয়।
স্বাস্থ্যপরীক্ষার নিবন্ধনপত্র নিতে প্রতিদিন ভোর থেকেই কয়েক হাজার লোক জড়ো হতেন গুলশানের ৯৪ নম্বর সড়কে। বিপুল জনসমাগম হওয়ায় পাশের সড়ক, অলিগলিতে ভিড় ছড়িয়ে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেত। বিষয়টি নিয়ে একাধিকবার সিটি করপোরেশনে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা।
গত ২৫ সেপ্টেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক গামকার কার্যালয়ে পরিদর্শনে যান। গামকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কার্যালয় স্থানান্তর করতে এবং সড়ক অবমুক্ত করতে মেয়র ১৫ দিনের সময় বেঁধে দেন।
গত বৃহস্পতিবার ৯৪ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, সড়কে মেডিকেল স্লিপ নিতে আসা বিদেশগামীদের ভিড় নেই। সড়কে কোনো যানজট নেই। সৌদি আরব বাদে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য মেডিকেল স্লিপ নিতে যাঁরা এসেছেন, তাঁরা সরাসরি গামকার কার্যালয়ে প্রবেশ করতে পারছেন।
গামকার মহাব্যবস্থাপক (জিএম) লাহুয়ার রহমান প্রথম আলোকে বলেন, সৌদি আরবে সব খাতে লোক নেওয়ার ঘোষণা দেওয়ায় ভিড় বেশি হচ্ছিল। বাড্ডা নতুন বাজারে গামকার নতুন আরেকটি কার্যালয় চালু করার কাজ চলছিল। গত ১৫ অক্টোবর থেকে সৌদি আরবগামীদের মেডিকেল স্লিপ বাড্ডার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত গামকার নতুন কার্যালয় থেকে দেওয়া হচ্ছে।