গুলশান-ধানমন্ডিতেরাজউকের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান অ্যাভিনিউ এলাকায় গতকাল দুপুরে রাজউকের উচ্ছেদ অভিযান l ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশান অ্যাভিনিউ এলাকায় গতকাল দুপুরে রাজউকের উচ্ছেদ অভিযান l ছবি: প্রথম আলো

ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দ্বিতীয় পর্বের অভিযান চলছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এই অভিযান শুরু করে রাজউকের তিনটি বিশেষ দল। এতে প্রথম দফায় ছয় দিনের মধ্যে দুই শর বেশি ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
দ্বিতীয় দফায় গতকাল বুধবার গুলশান ও ধানমন্ডিতে মোট ১৯টি ভবনে অভিযান চালায় রাজউক। জরিমানা করা হয়েছে মোট ১০ লাখ টাকা। এদিন রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামানের তত্ত্বাবধানে গুলশানে চারটি ভবনের গাড়ি ওঠানামার রাস্তা বা র্যা ম্প উচ্ছেদসহ মোট আটটি ভবনে অভিযান চালানো হয়। জরিমানা করা হয় সাত লাখ টাকা।
এর মধ্যে গুলশান অ্যাভিনিউর ২১ নম্বর প্লটে সিটি ব্যাংকের সামনে ফুটপাতজুড়ে থাকা র্যা ম্প উচ্ছেদের পর ভবনের নকশায় দেখা যায়, এর দুই কোনায় গ্রিন স্পেসের স্থলে দুটি ব্যাংকের বুথ বসানো হয়েছে। এ ব্যাপারে রাজউক কর্মকর্তাদের কাছে নকশা উপস্থাপনকারী ড্রিমল্যান্ড রিসোর্স লিমিটেডের উপব্যবস্থাপক রাসেল হুসাইন বুথ দুটি সরিয়ে নেওয়ার জন্য কয়েক দিনের সময় চান। এর পরিপ্রেক্ষিতে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হামিদ মিয়া নকশাবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের জন্য দুই লাখ টাকা জরিমানা করে তিন দিনের মধ্যে বুথ দুটি সরিয়ে ফেলার নির্দেশ দেন।
পরে দেখা যায়, ২৩ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনটির র্যা ম্পও নির্ধারিত সীমানা ছাড়িয়ে ফুটপাতে চলে এসেছে। জানা যায়, এই প্লটের মালিক এক প্রতিমন্ত্রী। আর ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে বে ডেভেলপারস। ভবনের নকশার সঙ্গে মিলিয়ে রাজউক কর্মকর্তারা দেখতে পান, নকশা অনুসারে ভবনটির চারপাশে যে গ্রিন স্পেস রাখার কথা, সেটি রাখা হয়নি। এ ছাড়া ভবনের এক নম্বর বেসমেন্টের খানিকটা জায়গা গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজ উদ্যোগে র্যা ম্পসহ গ্রিন স্পেসের জায়গায় নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে রাজউক কর্মকর্তারা সেখান থেকে চলে আসেন। সেখান থেকে আসার আগ মুহূর্তে ম্যাজিস্ট্রেট বে ডেভেলপারসের একজন প্রতিনিধিকে উদ্দেশ করে বলেন, ‘ম্যাডামকে (প্রতিমন্ত্রী) বলবেন, নিজ দায়িত্বেই যেন উনি এটি সরিয়ে নেন। না হলে আমরা আবার আসব।’
এর পাশে ২৫ নম্বর প্লটে নির্মিত দুটি ভবনের মাঝে কোনো ফাঁকা জায়গা ছিল না। বেসমেন্ট না থাকায় নিচতলার সম্পূর্ণ অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহৃত হওয়ার কথা থাকলেও সেটা পুরোপুরি মানা হয়নি। নকশার সঙ্গে মিলিয়ে রাজউক কর্মকর্তারা যখন বিষয়গুলো দেখছেন, তখন জিয়াউর রহমান নামের এক ব্যক্তি সেখানে উপস্থিত হন। তিনি কর্মকর্তাদের বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময়েও আপনারা এসেছিলেন। তখনো আমার বিল্ডিং আনটাচেবল ছিল।’ একপর্যায়ে জিয়াউর রহমান নিজেকে এক মন্ত্রীর ভাই বলেও দাবি করেন। এভাবে কথাবার্তার একপর্যায়ে ভবনের নকশাবহির্ভূত সবকিছু সরিয়ে নেওয়ার শর্তে কোনো কিছু উচ্ছেদ না করেই রাজউক কর্মকর্তারা সেখান থেকে চলে আসেন।
এদিকে জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান ধানমন্ডির উচ্ছেদ অভিযান সম্পর্কে বলেন, এদিন ধানমন্ডিতে মোট ১১টি ভবনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে প্রিন্স প্লাজার বেসমেন্টের দুটি কক্ষ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়। আয়েশা ম্যানশনের নিচতলার দোকানগুলো ভেঙে গাড়ি পার্কিংয়ের জায়গা বের করা হয়। নিদমহল নামের একটি ভবনের স্টিলের তৈরি সিঁড়ি ভেঙে দিয়ে এক লাখ টাকা জরিমানা এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের নিচতলার দোকান উচ্ছেদ করে গাড়ি পার্কিংয়ের জায়গা অবমুক্ত করা হয়।