গুলশান-বনানীর পাঁচ প্রতিষ্ঠান উচ্ছেদে স্থগিতাদেশ
গুলশান ও বনানী এলাকার পাঁচটি প্রতিষ্ঠান উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এগুলোর মধ্যে দুটি স্কুলকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং দুটি হোটেল ও একটি রেস্তোরাঁ স্থানান্তরের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।
পৃথক পাঁচটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আবদুল কাইয়ূম ও ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
হাইকোর্টের আদেশে বলা হয়, গুলশান নর্থ অ্যাভিনিউতে অবস্থিত স্কলাসটিকা স্কুল ও গুলশান-২ নম্বরে অরুরা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান স্থানান্তরের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। আর গুলশান-২ নম্বরে অবস্থিত হোটেল হলিডে প্ল্যানেট, হোটেল আমারি ও বনানীতে রেস্তোরাঁ কফি ওয়ার্ল্ড স্থানান্তরে তিন মাস সময় দিয়েছেন আদালত। একই সঙ্গে এই সময়ের মধ্যে স্কুল, হোটেল ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম চালাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো স্থানান্তরিত না হলে বিবাদীপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
রিট আবেদনে স্থানীয় সরকারসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।