গুলি উদ্ধার, জিডি ৫৪ ধারায় চালান, অতঃপর মামলা
পিস্তলের একটি ম্যাগাজিন, আটটি গুলিসহ দুজনকে আটক করেছে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পুলিশ। কিন্তু এ ঘটনায় অস্ত্র মামলা দেওয়া হয়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় করা হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)। আর আটক দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় আদালতে। ঘটনা জানাজানি হলে দুই দিন পর অস্ত্র মামলা দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন আওয়ামী লীগের কামরাঙ্গীরচর থানার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর নাম জাহাঙ্গীর আলম। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের চাপের কারণেই তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা দেয়নি পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ১২ জুন বিকেলে কয়লারঘাট এলাকা থেকে জাহাঙ্গীর ও মো. কালাম নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে কালামের বাসা থেকে পিস্তলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, জাহাঙ্গীর আওয়ামী লীগের কামরাঙ্গীরচর থানার সভাপতি আবুল হোসেন সরকারের অনুসারী। তিনি এলাকায় মাদক, অস্ত্র ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত।
জাহাঙ্গীরের পক্ষে তদবির করতে থানায় যান আবুল হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা। তদবিরের মুখে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা না দিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠান।
জানতে চাইলে ১৩ জুন রাতে কামরাঙ্গীরচর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘আটটি গুলি ও ম্যাগাজিন হাতেনাতে পাইলে তো মামলাই হইত। আমরা এখনো হানড্রেড পারসেন্ট শিওর না। তবে জিডিতে গুলি ও ম্যাগাজিনের কথা উল্লেখ আছে।’
অস্ত্র মামলা না দেওয়ার কারণ জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা এসআই নূরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কবি তো এখানেই নীরব। ১২ জুন বিকেলে তাঁদের গ্রেপ্তার করেছি। গুলি ও ম্যাগাজিন পাইছি ঠিক। কিন্তু কার কতটুকু সংশ্লিষ্টতা, তা তদন্ত করে দেখার জন্য জিডি করেছি।’
এরপর ১৪ জুন কামরাঙ্গীরচর থানায় গিয়ে জানতে চাইলে থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরের বাসা কামরাঙ্গীরচরের কয়লারঘাট এলাকায়। একটু দূরে একটি বাসায় থাকেন কালাম। কালামকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে জাহাঙ্গীর ২০ হাজার টাকা দাবি করেন। কালাম প্রাথমিকভাবে চার হাজার টাকা দিয়ে রক্ষা পান।’
সিরাজুল বলেন, ‘১২ জুন কালামের কাছ থেকে বাকি ১৬ হাজার টাকা দাবি করেন জাহাঙ্গীর। এতে রাজি না হওয়ায় কালামকে কয়লারঘাটে একটি ক্লাবে আটকে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে কালামকে ফাঁসানোর জন্য পরিচিত এক পুলিশ সদস্যের কাছে ফোন করে জাহাঙ্গীর জানান, কালামের বাসায় গুলি ও ম্যাগাজিন আছে। জাহাঙ্গীর পুলিশসহ কালামের বাসায় গিয়ে তা উদ্ধার করেন। পরে জাহাঙ্গীরকেও আটক করা হয়। তিনি বলেন, উদ্ধার হওয়া আটটি গুলি আট ধরনের। নিশ্চয়ই এগুলোর আলাদা অস্ত্র আছে। জাহাঙ্গীর তা জানে। বোঝাই যাচ্ছে, এরা অস্ত্রের ব্যবসা করে।
তাহলে জিডি করলেন কেন—জবাবে পরিদর্শক (তদন্ত) বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি।’
আওয়ামী লীগের কামরাঙ্গীরচর থানার সভাপতি আবুল হোসেনসহ বিভিন্নজনের তদবির সম্পর্কে জানতে চাইলে সিরাজুল বলেন, ‘হ্যাঁ, নেতারা থানায় এসেছিলেন।’
থানায় যাওয়ার কথা স্বীকার করেন আবুল হোসেনও। তিনি বলেন, ‘জাহাঙ্গীর আমার দেশের লোক। আমাদের দল করে। ৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সেক্রেটারি সে।’ তাঁদের ছত্রচ্ছায়ায় থেকে জাহাঙ্গীর বিভিন্ন অপকর্ম করার অভিযোগ অস্বীকার করেন আবুল হোসেন।
এ বিষয়ে প্রথম আলোর খোঁজখবর করার একপর্যায়ে ১৪ জুন রাত পৌনে ১২টার দিকে এসআই নূরুল ইসলাম বাদী হয়ে কালাম ও জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চিত্তরঞ্জন রায় বলেন, তাঁরা দুই আসামির রিমান্ড চেয়েছিলেন, আদালত শুধু কালামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।