গুলি উপেক্ষা করে চরমপন্থী নেতাকে ধরে ফেলল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি ছুড়েও শেষরক্ষা হয়নি। গুলি উপেক্ষা করেই দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি এক চরমপন্থী নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাহিদ খান (৩০)। তিনি গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের এক নম্বর বেপারীপাড়া গ্রামের আবদুল আজিজ খানের ছেলে। জাহিদ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) আঞ্চলিক নেতা বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, চরমপন্থী নেতা জাহিদ দলবল নিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে ঢোকেন। এ সময় পল্লির পাহারাদার, যৌনকর্মী ও সাধারণ বাসিন্দারা সংগঠিত হয়ে তাঁদের ধাওয়া করেন। সন্ত্রাসীরা একপর্যায়ে অস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়তে থাকে। খবর পেয়ে সহায়তায় এগিয়ে আসে দৌলতদিয়া ঘাটের কর্তব্যরত পুলিশ। জনতা ও পুলিশের যৌথ প্রতিরোধে টিকতে না পেরে জাহিদ দলবল নিয়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকেন এবং যৌনপল্লির পেছনের একটি পুকুরে নেমে পড়েন। এ সময় সবাই তাঁকে জাপটে ধরতে গেলে জাহিদ আবারও গুলি ছোড়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত জনতা তাঁকে ধরে ফেলতে সক্ষম হলেও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে জাহিদকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে জনতা।পুলিশ জানায়, গণপিটুনিতে গুরুতর আহত জাহিদকে গতকাল শুক্রবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশি প্রহরায় সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য যৌনপল্লির বাড়ির মালিক নাজমা বেগম (৪০) ও মো. রফিক শেখ (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, জাহিদ সর্বহারার আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত। তালিকাভুক্ত সন্ত্রাসী জাহিদের নামে ২০০৭ সালে একটি এবং ২০১১ সালে উপজেলার দেবগ্রাম এলাকায় চরমপন্থী নেতা কদম আলী হত্যার ঘটনায় দুটি মামলা এবং অন্যান্য ঘটনায় আরও তিনটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনায় সহকারী উপপরিদর্শক ইলিয়াস হোসেন খান বাদী হয়ে গতকাল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।